আজ থেকে ২৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে প্রথম আলো
পত্রিকার পাতা খুললেই প্রতিদিন ঝলমলে ছবি আর খবর। জানা যাবে জ্ঞান–বিজ্ঞানের নানা তথ্য। আর পড়াশোনা পাতা তো আছেই। এখন ঘরে বসে বিনা মূল্যে পড়া যাবে এসব। ভাবতেই আনন্দে মন ভরে উঠছে বলে জানাল পটিয়ার শাহ আমীর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র প্রশান্ত চক্রবর্তী।
তার মতো এই বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী আজ থেকে আগামী ছয় মাস পর্যন্ত বিনা মূল্যে প্রথম আলো পড়বে। হকার এসে পত্রিকাগুলো বিদ্যালয়ে দিয়ে গেলে শিক্ষার্থীরা সেটা বাড়িতে নিয়ে যাবে।
শাহ আমীর বিদ্যালয়ের পাশাপাশি পটিয়ার ২৬টি বিদ্যালয়ের ১ হাজার ৭২০ জন শিক্ষার্থীর হাতে আজ থেকে পৌঁছে যাচ্ছে প্রথম আলো। ‘জানার জন্য পড়া’ কর্মসূচির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহায়তায় প্রথম আলো পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
রাহাত আলী উচ্চবিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যালয়, পটিয়া শাহ আমীর উচ্চবিদ্যালয়, পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, এ জে চৌধুরী বহুমুখী উচ্চবিদ্যালয়, খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়, কুসুমপুরা উচ্চবিদ্যালয়সহ উপজেলা সদর ও সদরের বাইরের বিভিন্ন বিদ্যালয় আছে এ তালিকায়। শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তোলার জন্যই এমন উদ্যোগ বলে জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের হেড অব মার্কেটিং ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশন আজম খান। তিনি বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র শিশুদের পত্রিকা পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
১৫ অক্টোবর রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর কার্যালয়ে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। শাহ আমীর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম এ কে জাহাঙ্গীর এমন উদ্যোগকে স্বাগত জানালেন। তিনি বলেন, আজকাল শিক্ষার্থীরা পড়তে চায় না। প্রথম আলো হাতে পেলে এখন অভ্যাস পাল্টাবে।