আজ দিন শ্রমিকের
সব দিনই সবার, তবু আজ দিন শ্রমিকের। সব দিনেই সময় একই গতিতে বয়ে যায়, কিন্তু কোনো কোনো দিন হয় ইতিহাস। পয়লা মের আন্তর্জাতিক শ্রমিক দিবস সে রকম একটি দিন। এই সেই দিন, যেই দিনটি শ্রমিকের মনে পাওয়া না-পাওয়ার খতিয়ান হয়। এই দিনে সবার ছুটি, কিন্তু অনেক শ্রমিকের জন্য এ দিনটি আর দশটা দিনের মতোই দিনমান খাটুনির আরেকটি দিন মাত্র। শ্রমিক যে শুধু খেটেই খায়, তা নয়। বুধবারের প্রথম আলোর এই ছবিটি বলে, শ্রমিক মার খেয়েও বাঁচে। কখনো কখনো মারাও যায়। পাঠক, দৃষ্টি তীক্ষ করে আনুন; দেখবেন, ছবিটিতে দুজন পুলিশ মোটা লাঠি উঁচিয়ে যাঁকে পেটাচ্ছে, তিনি আর কেউ নন, আমাদের অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে খেটে যাওয়া একজন নারী পোশাকশ্রমিক। পোশাক-কারখানার অল্পবয়সী এসব ছেলেমেয়ের পরিশ্রমেই শিল্পটি প্রধান রপ্তানি খাত হয়েছে। তাঁদের নিম্নতম মজুরির বিপরীতে এই খাত এখন সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আনার গর্ব করে। এই সত্য সবাই জানে, শ্রমিকেরা জানে আরও বেশি। তাই গত সপ্তাহজুড়েই দেশের অনেক পোশাক-কারখানার শ্রমিকেরা মজুরিসহ নানান বঞ্চনার প্রতিবাদে আবারও পথে নেমেছেন। তাঁরা মে দিবসের জনক আমেরিকার হে মার্কেটের শ্রমিকদের পথেই আন্দোলন করে জীবন ও সম্মান বাঁচানোয় নেমেছেন। বিনিময়ে বেতন বাড়েনি, কিন্তু বেড়েছে পুলিশি প্রহার।শ্রমিক বলতে বাংলাদেশে একসময় পাটকলের মজুরদের বোঝাত। ষাট থেকে আশির দশক অবধি ছাত্রদের পাশাপাশি তাঁরাই ছিলেন আপসহীন সংগ্রামী। আজ সেই পাটকল নেই, সেই শ্রমিকেরা অনেকে বেকার। তাহলেও এখন পোশাক-শ্রমিকেরাই হয়ে উঠেছেন শ্রমিকের প্রতিমূর্তি। তাঁদের বঞ্চনা তাই জাতীয় বঞ্চনা। শ্রমিকও যদি মানুষ, তাহলে মানুষের মতো জীবন কেন হবে না তাঁদের?— ফারুক ওয়াসিফ