আজ মিছিলে বন্যা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ মিছিলে বন্যা হবে, আজকে আমি বন্য হব, আজ পুলিশের বুটের নিচে কৃষ্ণচূড়ার পাপড়ি হব!’ ইস্তেকবাল হোসেন রচিত কবিতাটির আবৃত্তি শুনতে শুনতে দর্শকের মনে হয়েছে অন্ধকারের শক্তি আর অসুর নিধনের এই তো সময়।
৫ মার্চ সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আবৃত্তিশিল্পী ও সাংবাদিক তাজুল ইসলাম দর্শককে এমন অগ্নিময় সময়ের কথাই মনে করিয়ে দিলেন। তরুণ এই আবৃত্তিশিল্পীর সঙ্গে প্রায় ঘণ্টা খানেকের কবিতাভ্রমণ আনন্দের স্মৃতি হয়ে থাকবে দর্শকের মনে।
‘আজ মিছিলে বন্যা হবে’ শিরোনামে তাজুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে পরিবেশনা শুরু করেন তাজুল। এরপর জয় গোস্বামী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, তারাপদ রায়, আবুল হাসান, প্রতুল মুখোপাধ্যায় ও সৈয়দ শামসুল হকের মত কবিদের কবিতা থেকে একে একে আবৃত্তি করেন ২০টি কবিতা।
মন ছুঁয়ে গেছে ‘আফ্রিকার প্রেমের কবিতা’, ‘স্বপ্নবাজি’, ‘গ্যালারির সংলাপ’, ‘স্নান’, ‘একটাই মোমবাতি’, ‘দারিদ্র্য রেখা’ শিরোনামের কবিতাগুলো। আয়োজনের মাঝামাঝি সময়ে শিল্পী পরিবেশন করেন দন্ত্যস রওশনের অনুকাব্য। এই পরিবেশনা নির্মল আনন্দ দেয় দর্শকদের। সবশেষে শিল্পী শোনান প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ শিরোনামের কবিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী কংকন দাশ।