আজ মেলা শুরু কাল বলীখেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসছেন রকমারি পণ্যসামগ্রী নিয়ে। ট্রাক-টেম্পো থেকে মালপত্র নামানো, পাহারা দেওয়া, জায়গা দখল, দোকান সাজানো—এসব কাজে ব্যস্ত সবাই। ক্লান্তি ভর করছে তাঁদের চোখেমুখে, কিন্তু ফুরসত নেই। মাঠের দক্ষিণ প্রান্তে বরাবরের মতো বলীখেলার মঞ্চ তৈরি হচ্ছে। পূর্বপ্রান্তে বিশাল বিশাল প্যান্ডেল তৈরির কাজ চলছে—পুতুলনাচ, বিচিত্রানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ইত্যাদির! রাস্তা রাঙিয়ে জায়গা দখল তো অনেক আগেই হয়ে গেছে, এখন চলছে বাঁশ, চৌকি ফেলে দোকান তৈরির কাজ। গতকালের লালদীঘি মাঠ ও আশপাশের এলাকার চিত্র এটি। জব্বারের বলীখেলা উপলক্ষে আজ শুরু হচ্ছে তিন দিনের বৈশাখী মেলা। কাল ১২ বৈশাখ বিকেল চারটায় অনুষ্ঠিত হবে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলীখেলা)।সরেজমিনে দেখা গেছে, বরাবরের মতো এবারও ব্যবসায়ীরা এনেছেন কাঠ ও বেতের আসবাব, শীতলপাটি, মোড়া, হাতপাখা, ফুলের ঝাড়, দা-বঁটি-খুন্তি, চারাগাছ, মাটির তৈজসপত্র, ফুলদানি, ব্যাংক, বাচ্চাদের প্লাস্টিকের খেলনা, গয়না, মুড়ি-মুড়কি, তরমুজ, শরবত, নাগরদোলা সবই। কোতোয়ালি মোড়, কে সি দে সড়ক-বোস ব্রাদার্স, আন্দরকিল্লা পর্যন্ত বসেছে দোকান। বিকিকিনিও জমে উঠেছে গতকাল শনিবার থেকেই। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটি সূত্র জানায়, এবারের প্রতিযোগিতার উদ্বোধন করবেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি থাকবেন নগর পুলিশ কমিশনার মো. আবুল কাশেম ও বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড মো. ফরহাদ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় সাত লাখ টাকার এক ট্রাক আসবাব নিয়ে এসেছেন জাহাঙ্গীর হোসেন। সিনেমাপ্যালেসের সামনে মেলার জন্য জায়গা নিয়েছেন এককালীন তিন হাজার টাকায়! তিনি বাবার হাত ধরেই এ মেলায় আসছেন ছোটবেলা থেকে। এখন বাবা নেই, কিন্তু এ মেলায় না আসলে চলে না তাঁর সংসার। শিলকড়ই, রেইনট্রি ও একাশিয়া কাঠের এসব আসবাব তৈরিতে সময় লেগেছে ১৫ দিন। তাঁর কাছে কাঠের পালঙ্ক পাওয়া যাবে তিন থেকে ২০ হাজার টাকায়। এ ছাড়া ওয়ারড্রব তিন থেকে ১৫ হাজার টাকা, শোকেস আড়াই থেকে সাড়ে সাত হাজার টাকায় বিক্রি করবেন। তিনি বলেন, ‘বৃষ্টির আশঙ্কায় তিনি ত্রিপলের ব্যবস্থা করেছেন।’কুমিল্লা থেকে বেতের তৈরি আসবাব নিয়ে লালদীঘির যাত্রীছাউনির ফুটপাতে বসেছেন সত্তরোর্ধ্ব মো. আবুল হাসেম। তিনি বলেন, সোফা পাঁচ থেকে ১৫ হাজার টাকা, বড় ইজি চেয়ার দুই হাজার ২০০ থেকে তিন হাজার ২০০ টাকা, ছোট ইজি চেয়ার ৭০০ টাকা, দোলনা ৫০০ টাকা হলেই ছেড়ে দেবেন। কেইন গ্যালারির মো. জসিম জানান, কেরাক, ভুতুম, জালি ও গোলাক বেতের দাম ও কারিগরদের মজুরি বেড়ে যাওয়ায় বেতের আসবাবের দাম বেশি পড়ছে। মেলায় বেশি বিক্রি হয় হাতপাখা ও ফুলের ঝাড়ু। শুক্রবার সন্ধ্যায় জেল ফটকের সামনে বাঁশখালীর জলদি থেকে মো. আনোয়ার হোসেন ৫০০ ফুলের ঝাড়ু নিয়ে এসেছেন মেলায় বিক্রির জন্য। আনা মাত্রই বেশ কয়েকজোড়া বিক্রি হয়ে গেল ৮০-১০০ টাকায়। তিনি বলেন, এক হাজার ঝাড়ুর পেছনে প্রায় ৪০ হাজার টাকা লাগে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের ফটকের সামনে বিশাল ঝাড়ুর সতূপের ওপর বসে আছেন বাঁশখালীর নুরুল আলম। তিনি বলেন, ‘এবার এক হাজার ৬০০টি ফুলের ঝাড়ু এবং ১০০টি নারকেল পাতার শলার ঝাড়ু এনেছি। আশা করছি প্রথম দুদিনেই সব বিক্রি হয়ে যাবে।’ মেলায় অনেকে হাতে তৈরি সুন্দর সুন্দর সব শখের জিনিস নিয়ে এসেছেন বিক্রির জন্য। তাঁদেরই একজন বগুড়ার আজাদ শেঠ। তিনি তালগাছের রগ দিয়ে তৈরি ফুলের টব, থলে, মাথার টুপি ইত্যাদি বিক্রি করছেন। বেশ কয়েক জোড়া টুপি বিক্রি করেছেন ৬০ টাকায়। বিপুল পরিমাণ মিষ্টান্ন নিয়ে এসেছেন নোয়াখালীর দেলোয়ার হোসেন। তিনি বলেন, প্রতিকেজি বাতাসা ১৩০ টাকা, নারকেলের চিড়া ১৬০ টাকা, গজা ১২০ টাকা, বেসনের মনটেস্ট ১৫০ টাকা, নক্কুর ১৩০ টাকা ও নিমকি ১৬০ টাকায় বিক্রি করছেন। বিশাল এ মেলাকে ঘিরে ইতিমধ্যে নানা ধরনের ব্যবসা জমে উঠেছে। কেউ বিক্রি করছেন দোকান তৈরির জন্য বাঁশ, প্রতিটি ২০-৩০ টাকায়। কেউ ফেরি করছেন চা-নাশতা, আইসক্রিম, কাগজের ঠোঙা, পলিথিনের থলে ইত্যাদি। তবে সক্রিয় আছেন চাঁদা আদায়কারীরাও। ৫০ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করছেন প্রতিটি দোকান থেকে। কেউ নিচ্ছেন বাতির বিল। আবার কেউ বকশিশ। ব্যবসায়ীদের অনুযোগ, গাড়িভাড়া, জায়গা ভাড়া, কর্মচারীর বেতন সব মিলিয়ে পণ্যের দাম পড়ছে বেশি। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ব্যবসায়ী ও মেলায় আসা ক্রেতাসাধারণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এখানে যাতে চাঁদাবাজিসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ প্রথম থেকেই সজাগ আছে।’মেলা কমিটির পরিচালনা সম্পাদক সাংবাদিক স্বপন মহাজন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে এটাই একমাত্র মেলা যেখানে কমিটি ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া বা চাঁদা নেয় না।’