আজ যা অসম্ভব, কাল তা নয়—শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপগায়িকা শাকিরার খ্যাতি বিশ্বজুড়ে। বিশেষ করে তরুণদের কাছে তাঁর জনপ্রিয়তা ঈর্ষণীয়। শুধু সংগীতশিল্পী হিসেবেই নন, গানের সঙ্গে নাচের উপস্থাপন তাঁর খ্যাতি বাড়িয়েছে বহুগুণে। বিশ্বকাপ ফুটবল-২০১০-এ ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে তিনি নতুনভাবে বিশ্ববাসীর কাছে উপস্থিত হয়েছেন। জগদ্বিখ্যাত এই গায়িকা ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি কলম্বিয়ার বারানকিলায় জন্মগ্রহণ করেন। তাঁর গাওয়া ‘হিপস্ ডোন্ট লাই’ গানটি একবিংশ শতাব্দীর সফলতম গান হিসেবে বিবেচিত। ২০০৯ সালের ৮ ডিসেম্বর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শাকিরা এই বক্তৃতাটি করেন।আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানের। কারণ, আজ আমি তোমাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি। আজ এখানে আমি গাইতে আসিনি, আসিনি নাচতে। স্বীকার করছি, আমি কিছুটা দ্বিধাগ্রস্ত। নিউটন কিংবা চার্চিলের মতো যোগ্য কেউ আমি নই। নই মাদার তেরেসাও। তার পরও কিছু বলার জন্য আজ এখানে আসা।শিল্পীরা কল্পনার ওপর বেশি নির্ভরশীল। আমি যখন সংগীতজীবনে পদার্পণ করি, তখন আমি চিন্তা করেছিলাম আমার অতীত জীবন নিয়ে। ভেবেছিলাম আমার ভবিষ্যৎ নিয়ে। তোমাদের মনের ভেতরকার চিন্তাই একদিন ধীরে ধীরে চারাগাছের মতো বড় হতে থাকবে। পৃথিবীকে দেবে নতুন একটা রূপ। আমি সাহায্য করতে না পারলেও আগামী ৫০ বছরে পৃথিবী কত দ্রুত সামনে এগোবে, তা আঁচ করতে পারি। কী ঘটবে, আমরা কোন পর্যায়ে যাব, কীভাবে আমরা জীবনধারণ করে বসবাস করব, কী কী চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে, কীভাবে তা মোকাবিলা করতে হবে—এসব নিয়ে ভেবেছি।শিক্ষার ক্ষেত্রে গণতন্ত্রায়ন অপরিহার্য। মনে করো কিছুদিন আগেই একটি ফসিল আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। পৃথিবীতে পাওয়া চার মিলিয়ন বছর আগের সবচেয়ে পুরোনো মানুষের ফসিল। তখন থেকে এখন পর্যন্ত মানুষ শিখছে ধীরগতিতে। নিশ্চিতভাবে আগেকার মানুষগুলো তা-ই শিখেছে, যা তাদের জীবনধারণের জন্য লাগত। তাদের এ শিক্ষার কারণেই ধীরে ধীরে পৌঁছানো গেছে বর্তমান আধুনিক সভ্যতায়। আমরা জেনেছি, তারা কীভাবে হাঁটত, কীভাবে দৌড়াত, কীভাবে নাচত। এখনো আমরা অনেকটা তাই-ই করি। আরও জানা গেছে কীভাবে খাদ্য উৎপাদন করতে হয়, কীভাবে সংরক্ষণ করতে হয়। বিনিময় করার উপায়গুলো বুঝতে পেরেছি। আমরা জেনেছি বাণিজ্য ও গণিতের মৌলিক বিষয় সম্পর্কে। শিখেছি কীভাবে বিভিন্ন যন্ত্রপাতিকে ব্যবহার করতে হয়। যন্ত্রপাতি দিয়ে কীভাবে যুদ্ধ করতে হয়। ভাষা সম্পর্কে জেনেছি। কীভাবে লিখতে হয় তা জেনেছি। মধ্যযুগে শিক্ষা সংরক্ষিত ছিল কতিপয় মানুষের মধ্যে। বাকি লোকজন তেমন সৌভাগ্যবান ছিল না। তাদের জীবনযাত্রাই ছিল নিম্ন শ্রেণীর। তারা কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারত না।ধীরে ধীরে যুগের সঙ্গে সভ্যতারও পরিবর্তন হয়েছে। আমরা এখন মহাশূন্যে যেতে পারি। আকাশে ভাসতে পারি। পারি পৃথিবীর বাইরে যান পাঠাতে। মহাশূন্যের অচেনা জগৎ সম্পর্কে জানতে পারি। হাজার হাজার মাইল অতিক্রম করে আমরা চাঁদে যেতে পারি। ওড়াতে পারি চাঁদের বুকে পতাকা। আর এই ঐতিহাসিক মুহূর্তগুলোকে পৃথিবীর সব মানুষ দেখতে পারি একটি যন্ত্র দিয়ে। এ আজব যন্ত্রের নাম টেলিভিশন।সন্দেহ নেই আমরা অনেক কিছুই অর্জন করেছি। একজন থেকে আরেকজন জনে জনে অর্জনগুলো এভাবেই ছড়িয়ে পড়ছে পৃথিবীর সবখানে। এটাকেই শিক্ষার গণতন্ত্রায়ন বলে। কিছু মানুষের হাতে যদি শিক্ষা বাক্সবন্দী হয়ে থাকত, তবে বর্তমান সভ্যতার এ ধাপে আমাদের পৌঁছানো সম্ভব হতো না কিছুতেই।আমি বলি না পুরোনো দিনগুলোই খুব ভালো ছিল। ভালো দিন এখনো আছে। ভবিষ্যতেও আসবে। কিন্তু শিক্ষাকে বিশ্বজনীন করতে হবে। আমাদের বুদ্ধিমত্তা ছড়িয়ে দিতে হবে সবখানে। কথা দিলে কথা রাখতে হবে। বিশেষ করে যারা এখনো শিক্ষার্থী, শিক্ষাজীবন যাদের এখনো শেষ হয়নি, তাদের সঙ্গে আমাদের নৈকট্য আরও বাড়াতে হবে। সবচেয়ে ভালো চিন্তাগুলো বিনিময় করতে হবে। দিতে হবে অপরকে উৎসাহ। এর পাশাপাশি সাধারণ সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। সন্দেহ নেই, আমরা যদি এসব করতে পারি তবেই আমরা সেরা হব। অবশ্যই হব।তথ্যপ্রযুক্তিগতভাবে আমরা বিরাট বিপ্লব ঘটিয়েছি। বিগত ১০ বছর বা ২০ বছর বা ৫০ বছর যা করতে পেরেছি, তাকে বিপ্লব ছাড়া আর কী-ই বা বলা যায়! তোমরা হচ্ছো সেই পরিবর্তনের স্থপতি। কতগুলো সমস্যা আছে, যেগুলো বদলে যায় দিনকে দিন। এদিকে সমান নজর রাখতে হবে। খাপ খাইয়ে চলতে হবে এসবের সঙ্গে। আগামী দিনের সমাজের গঠন কী হবে? আমরা কি পরিবারবদ্ধ হয়ে থাকতে পারব? আমরা কি আমাদের সমাজব্যবস্থা ধরে রাখতে পারব? আমরা কি পারব আগামী দিনে পানির নিচে নিঃশ্বাস নিতে? কোনো কোম্পানি কি পারবে উড়তে পারা যায়, এমন এক জোড়া জুতো তৈরি করতে? যে জুতো নিয়ে আকাশে উড়াল দেওয়া যাবে হ্যারি পটারের মতো। এমন অনেক প্রশ্নই ঘিরে ধরে আমাদের।সবকিছুই সময় বলে দেবে। আজকে যা অসম্ভব মনে হচ্ছে, কালকে তা অসম্ভব না-ও হতে পারে। আজকে যেটাকে অবাস্তব মনে হচ্ছে, কালকে সেটা পরিণত হতে পারে বাস্তবে। অনেক কিছুই নির্ভর করে তোমাদের কাজের এবং দক্ষতার ওপর। নয় বছর আগে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’র অংশ হিসেবে বিশ্বনেতারা একটি বিষয়ে একমত হয়েছিলেন। তাঁরা বলেছিলেন, ২০১৫ সালের মধ্যে পৃথিবীর প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে পাঁচ বছর পরই সেই প্রতিজ্ঞা তাঁদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। এটা খুবই দুঃখজনক। আজকে অনেক দেশেই শিশুরা নানা রোগে আক্রান্ত। শিক্ষা তো দূরে থাক, তারা ঠিকমতো খেতে পর্যন্ত পায় না। আমাদের প্রয়োজন নতুন পথ খুঁজে বের করা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। একটি শিশুও যেন উপোস থেকে ঘুমাতে না যায়। আমি জানি, সব সমস্যা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো শিক্ষা। কীভাবে আমি জানি? কারণ, আমি নিজে দেখেছি। যেখানে আমি জন্মেছি, যেখানে বড় হয়েছি, সেখানে শিক্ষা ছিল অনেকটা অভিজাতদের জন্য। সবার জন্য সব সুযোগ-সুবিধা ছিল না। বাবা-মায়েরা শিশুর জন্য শিক্ষাদানের ব্যবস্থা করতে পারতেন না। তবে সুসংবাদ হলো, সে সময়গুলোকে আমরা অনেকটা অতিক্রম করে এসেছি। যখন আমার বয়স ১৮, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজের খরচে একটা ফাউন্ডেশন করব কলম্বিয়ায়। এ ভাবনা থেকে সেই তখন থেকেই উন্নত শিক্ষা, শিশুদের জন্য পুষ্টিগুণসহ খাবার ব্যবস্থা, তাদের বাবা-মায়ের জন্য পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং স্কুল নির্মাণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এ কাজে মোটামুটি সফলও হয়েছি। ঝরে পড়া শিশুর হার অনেকটা কমিয়ে এনেছি।আমি একটা বিষয়ে নিশ্চিত যে ছাত্ররা সব সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু সরকারই নয়, সরকারের সঙ্গে ছাত্রদের এবং শিক্ষিত মানুষদের সহযোগিতা একান্তভাবে কাম্য। তবে সবার আগে শিশুদের খাবারের ব্যবস্থা করতে হবে। কোনো শিশুই অনাহারী অবস্থায় শিক্ষা গ্রহণ করতে পারবে না।তাই আমরা সহযোগিতা চাইছি সবার কাছে। শিগগিরই মসৃণ করতে হবে সামনে চলার পথ। আমাদের নিজেদের সঙ্গে নিজেদের যোগাযোগ বাড়াতে হবে। করতে হবে একে অপরকে সহযোগিতা। মনে করতে হবে একজন মানুষকে নয়, বরং সহযোগিতা করছি পুরো মানবজাতিকে। যদি তা করা সম্ভব হয়, তবে আজ থেকে ৫০ বছর পরে আমাদের শিশুরা পেছনের দিকে তাকিয়ে বলবে, অনেক দিন আগে মানুষ খাদ্য বিতরণ বা বিনিময় করার যথোপযুক্ত কোনো ব্যবস্থা করতে পারত না। ক্ষুধার্তকে খাদ্য দিতে পারত না। প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী ছিল না। জানত না সময়ের সঠিক ব্যবহার। পরবর্তী সময়ে জ্ঞানকে বিশ্বজনীন করতে পেরেছে সবাই। নিজেদের অভিজ্ঞতাগুলোকে আদান-প্রদান করতে পেরেছে বলেই আজকে আমরা এখানে এসেছি। সব জায়গায় শিক্ষার আলো পৌঁছে দিতে পারলেই সফল হয়ে উঠব আমরা। যদি আফগানিস্তানে ৩০ হাজার সেনার বদলে ৩০ হাজার শিক্ষাবিদ পাঠানো যেত, তবে তা মানুষের জন্য মঙ্গলকর হতো। আর এটাই শিক্ষার গণতন্ত্রায়ন। সবার দ্বারে দ্বারে পৌঁছে যাক শিক্ষা। তবেই মিলবে মুক্তি। পৃথিবী হয়ে উঠবে আরও সুন্দর। ওয়েবসাইট থেকে পাওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: মোহাম্মাদ আলী।