আজ রাতেই ভাঙছে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের চার দিন আগে আজ (মঙ্গলবার) রাতেই ভাঙছে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ রাত ১২টা পর্যন্ত বেচাকেনা চলবে মেলায়। এরপরই মেলা প্রাঙ্গণ থেকে গুটিয়ে নেওয়া হবে পণ্যসহ সব স্থাপনা। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ মার্চ এই মাঠে মহাসমাবেশ করার কর্মসূচি রয়েছে। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক। জানা যায়, মেলা চলার কথা ছিল ২৪ মার্চ পর্যন্ত। স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা ২৮ মার্চ পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশ করার জন্য প্রধানমন্ত্রীকে উৎসাহ দেন। এ কারণে চার দিন আগেই মেলা গুটিয়ে ফেলা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, চার দিন আগে মেলা গুটিয়ে নেওয়ার কারণে প্যাভিলিয়ন ও স্টলমালিকেরা ক্ষতির মুখে পড়েছেন। ১৯ বছর ধরে একই মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসছে। কিন্তু কোনোবারই ব্যবসায়ীরা এমন পরিস্থিতির শিকার হননি। এবার রাজনৈতিক কারণে মেলার সময় কমিয়ে দেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা মনে করছেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন সব অভিযোগ উড়িয়ে দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের অনুমোদন ছিল ১৫ মার্চ পর্যন্ত। ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে তা পাঁচ দিন বাড়িয়ে ২০ মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে চেম্বার কর্তৃপক্ষ কীভাবে ২৪ মার্চ পর্যন্ত মেলা করার অনুমতি দিয়েছে সেটা তাঁদের এখতিয়ার।’ মোশাররফ হোসেন বলেন, ‘একটি খোলা মাঠে খেলাধুলা হবে, জনসমাবেশ হবে—এটাই প্রচলিত রীতি। সব সময় এই মেলা, সেই মেলার কথা বলে মাঠ আটকে রাখা উচিত নয়।’ এদিকে মেলাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে চেম্বারের পরিচালকেরা গত রোববার দুপুরে বৈঠক করেছেন। বৈঠকে আজ রাত ১২টার পর মেলা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত হয়।চিটাগাং চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এবার ব্যবসায়ীরা চার দিন সময় কম পেয়েছেন। আগামী বছর তা পুষিয়ে দেওয়া হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।’ মেলায় অংশ নেওয়া একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান, নির্ধারিত সময়ের পরে আরও পাঁচ-সাত দিন মেলার সময়সীমা বাড়ানো হয়। ১৯ বছর ধরে এটাই নিয়মে পরিণত হয়। এবার রাজনৈতিক জনসভা করার জন্য স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা প্রধানমন্ত্রীকে ভুল পরামর্শ দিয়েছেন। এসব নেতা গণ-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছেন বলে তাঁরা মন্তব্য করেন।