আজ শুরু হচ্ছে আবাসন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার জন্য নিরাপদ আবাসন’ স্লোগানে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিনের পঞ্চম রিহ্যাব আবাসন মেলা। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম। ‘রিহ্যাব ফেয়ার ২০১১’ শীর্ষক এ মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মেলায় অংশ নেবে ৯৬টি গৃহনির্মাণ ও একটি অর্থলগ্নি প্রতিষ্ঠান। স্টল থাকবে ৯৭টি। মেলা কমিটি সূত্রে জানা যায়, প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর র‌্যাাফল ড্র ও সংবাদ সম্মেলন করা হবে। প্রবেশমূল্য একক ৫০ টাকা এবং একাধিক ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ উদ্বোধনী দিনে মেলা শুরু হবে বেলা তিনটায়। চলবে রাত নয়টা পর্যন্ত। এ ছাড়া অপর দুই দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। মেলার দ্বিতীয় দিন শুক্রবার সকালে চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একই স্থানে ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় মেলার সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রকৌশলী দেলোয়ার হোসেন। দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবান।