আজ শুরু হচ্ছে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই
চ্যানেল আইয়ের সংগীত প্রতিভা খোঁজার রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরাকণ্ঠ—২০১২’-এর প্রাথমিক বাছাই পর্ব শুরু হচ্ছে আজ চট্টগ্রাম থেকে। এরই মধ্যে প্রতিযোগিতার নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম সম্পন্ন হয়েছে। দেশের সাতটি বিভাগ থেকে চ্যানেল আই সেরাকণ্ঠে প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে প্রায় ৬৫ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন। যাঁরা নিবন্ধন করতে পারেননি তাঁরা অডিশন চলার সময় উপস্থিত হয়ে নিবন্ধন করার সুযোগ পাবেন।আজ কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট হলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটির টিভি সম্প্র্রচার শুরু হবে আগামী অক্টোবর থেকে। এবার সেরাকণ্ঠে প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী ও কুমার বিশ্বজিৎ। এ ছাড়া বিভাগভিত্তিক পর্যায়ে অডিশনে বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী শাম্মী আখতার, রিজিয়া পারভীন, চন্দন দত্ত, ফাতেমা-তুজ-জোহরা, অনুপ বড়ুয়া এবং সুজিত মোস্তাফা। রাজশাহী বিভাগের প্রাথমিক অডিশন শুরু হবে ৬ সেপ্টেম্বর রাজশাহী শিল্পকলা একাডেমীতে এবং ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রংপুর বিভাগের অডিশন। অন্যান্য বিভাগের প্রাথমিক বাছাইপর্বের তারিখ পরে জানানো হবে। তবে সেপ্টেম্বরের মধ্যে সব বিভাগের অডিশন শেষ করার আশা করছে কর্তৃপক্ষ। এই প্রতিযোগিতায় শুরু থেকে নতুনত্ব থাকছে বলে জানিয়েছেন প্রতিযোগিতার পরিচালক ইজাজ খান।