ঠিক নয়টায় উপস্থিত হয়েছেন চার চিকিত্সক। ৫০ জনের মতো রোগীকে ঘণ্টাখানেকের মধ্যে ব্যবস্থাপত্র দেন তাঁরা। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। হাসপাতাল এলাকাও ছিল ঝকঝকে তকতকে। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিত্র স্থানীয় আবুল কালামের কাছে নতুন। তিনি নিয়মিত চিকিত্সা নেন এখানে। আগে কখনো এমন পরিবেশ দেখেননি। তাঁর প্রশ্ন হাসপাতালের মানুষগুলো হঠাত্ এত ভালো হয়ে গেলেন কেন? জানা গেল, আজ (বুধবার) হাসপাতাল পরিদর্শন করবেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। এ কারণেই হাসপাতাল ও এখানকার মানুষগুলোর বদলে যাওয়া।দুধের শিশুকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন নিরুপমা দাশ। চিকিত্সক সাইফুদ্দিনের চেম্বারের সামনে গিয়ে একটু দাঁড়াতেই পেয়ে গেলেন ব্যবস্থাপত্র। অন্য চিকিত্সকের চেম্বারের সামনেও দেখা গেছে একই চিত্র। তবে ওই দিন প্রশাসনিক বিভাগে বেশির ভাগ চেয়ার খালি দেখা গেছে। এ ব্যাপারে ফার্মাসিস্ট মানব কুমার চৌধুরী বলেন, তাঁদের এক সহকর্মী রাতে মারা গেছেন। অনেকে তাঁকে দেখতে গেছেন। অবশ্য অল্প সময়ের মধ্যেই তাঁরা চলে আসেন। ৩১ শয্যার এই হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ছিল পরিচ্ছন্ন। মহিলা ওয়ার্ডে ৮, পুরুষ ওয়ার্ডে ১৩ ও শিশু ওয়ার্ডে ছয়জন রোগী ভর্তি ছিল। পুরুষ ওয়ার্ডের নুরুল হক বলেন, আজ চিকিত্সা ভালো চলছে। তবে আগে তেমনটি পাননি। শিশু ওয়ার্ডের এক রোগীর আত্মীয় রোকসানা আকতার জানান, তিনি আগেও হাসপাতালে রোগী নিয়ে এসেছিলেন। তখন এমন চিকিত্সা ও পরিবেশ দেখেননি। জরুরি বিভাগের চিকিত্সক মোহাম্মদ বক্তেয়ার আলম আগে কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিন যোগদান করার পর হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালের জেনারেটরটি শুরু থেকে অকেজো। আবাসিক চিকিত্সা কর্মকর্তা মাজেদ সুলতান জানান, হাসপাতালে বিভিন্ন বিভাগে মোট ৪৪টি পদের মধ্যে ২৩টি পদ খালি।রাতে চিকিত্সক না থাকা প্রসঙ্গে মাজেদ সুলতান বলেন চিকিত্সকদের বাসা জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেকেই পরিবার নিয়ে থাকতে চান না। তবে রাতে পালা করে দায়িত্ব পালন করেন চিকিত্সকেরা।