আজও জনপ্রিয় অড্রে হেপবার্নের 'মৌচাক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’ চলচ্চিত্রে অড্রে হেপবার্নের চুলের স্টাইল ‘বিহাইভ’ বা ‘মৌচাক’ নামে পরিচিত।
‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’ চলচ্চিত্রে অড্রে হেপবার্নের চুলের স্টাইল ‘বিহাইভ’ বা ‘মৌচাক’ নামে পরিচিত।

রোমান হলিডে, মাই ফেয়ার লেডিসহ বহু জনপ্রিয় চলচ্চিত্রের তারকা অভিনেত্রী অড্রে হেপবার্নের মৌচাকের মতো চুলের স্টাইলই সেরা। একেই দুনিয়ার সবচেয়ে বেশি খ্যাতি পাওয়া, সবচেয়ে বেশি পরিচিত হয়ে ওঠা হেয়ার স্টাইল হিসেবে অভিহিত করেছে চুলের যত্নের জন্য বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান। তাদের করা শীর্ষ ১০ চুলের স্টাইলের তালিকায় আছে এলভিস প্রিসলি, বব মারলে ও প্রিন্সেস ডায়ানার মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের নামও। যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

‘কুইফ’ নামে পরিচিত এলভিস প্রিসলির চুলের স্টাইল।
‘কুইফ’ নামে পরিচিত এলভিস প্রিসলির চুলের স্টাইল।

ধ্রুপদি হলিউডি চলচ্চিত্র ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’তে অড্রে হেপবার্নের ‘বিহাইভ’ বা মৌমাছির বাসার মতো ধাপে ধাপে পেছনের দিকে উঁচুতে উঠে যাওয়া চুলের স্টাইল সবার নজর কাড়ে। উনিশ শতকের ষাটের দশকে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় ওই চলচ্চিত্রটির সময় থেকেই আভিজাত্যপূর্ণ এ চুলের স্টাইল পাশ্চাত্য দুনিয়ায় জনপ্রিয়তা পায়। এমনকি আজকের দিনেও জাঁকজমকপূর্ণ নানান বিশেষ অনুষ্ঠানে যাওয়ার জন্য আধুনিকা নারীদেরও এই মৌচাকের মতো বাঁধা চুল আরাধ্য।
যুক্তরাজ্যের হেয়ারড্রেসার কোম্পানি ‘টনি অ্যান্ড গাইজ’ তাদের সুবর্ণজয়ন্তী পালনের আয়োজনে বিশ্বসেরা চুলের স্টাইলের এই তালিকা প্রকাশ করে। এ তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সংগীত জগতের দুই দিকপাল তারকা এলভিস প্রিসলি ও বব মার্লির নাম। প্রিসলির নিকষ কালো চুলের স্টাইল ‘কুইফ’ এবং মার্লির ঝাঁকড়া-কোঁকড়া রুক্ষ চুলের স্টাইল ‘ড্রেডলকস’ নামে পরিচিতি পায়।

বব মার্লির ঝাঁকড়া-কোঁকড়া রুক্ষ চুলের স্টাইলকে বলা হতো ‘ড্রেডলকস’।
বব মার্লির ঝাঁকড়া-কোঁকড়া রুক্ষ চুলের স্টাইলকে বলা হতো ‘ড্রেডলকস’।

বিশ্বসেরা হেয়ারস্টাইলের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আরও দুই তারকা অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন এবং অ্যামি ওয়াইনহাউস। জনপ্রিয় সিরিয়াল ‘ফ্রেইন্ডস’-এ র্যাচেল চরিত্রে অ্যানিস্টোনের চুলের স্টাইলটি ‘র্যাচেল কাট’ নামেই জনপ্রিয়তা পায়। আর ওয়াইনহাউসের চুলের স্টাইলও ছিল হেপবার্নের মতোই মৌচাকের মতো।
এ ছাড়া তালিকায় রয়েছে ‘মপ টপস’ নামে পরিচিত গানের দল দ্য বিটলস সদস্যদের চুলের স্টাইল। মেরিলিন মনরোর ‘ব্লন্ডে কার্ল’, ফারাহ ফসেটের ‘গোল্ডেন ফ্লিকস’, প্রিন্সেস ডায়ানার ‘ফেদার্ড পেইজবয়’ এবং ব্রিজিত বার্দোতের ‘বেডরুম লুক’ চুলের স্টাইল।

যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত দুনিয়ার নানান প্রান্তে শাখা রয়েছে এবং হেয়ার স্টাইলিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য একটি অ্যাকাডেমিও পরিচালনা করে থাকে ‘টনি অ্যান্ড গাইজ’।