আজও ডায়ানা অনন্য তাঁর সাজে, তাঁর পোশাকে

ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ অগাস্ট প্রিন্সেস অফ ওয়েলস, ডায়নার ২৪তম মৃত্যুবার্ষিকী ছিল। মৃত্যুর এত বছর পরেও তিনি জনপ্রিয়। প্রতি বছরই তাঁকে নিয়ে হচ্ছে নানা রকম আলোচনা। নির্মিত হচ্ছে চলচ্চিত্র। তিনি সাধারন মানুষের মনে তখনও ছিলেন, এখনও আছেন।

মৃত্যুর ২৪ বছর পরও প্রিন্সেস ডায়ানার জীবনযাপন, মানবতার জন্য করে যাওয়া কাজ, পোশাক, সাধারণ মানুষের সঙ্গে অমায়িক ব্যবহার, ব্যক্তিগত জীবনের গল্প গবেষণার বিষয়বস্তু। ব্রিটিশ রাজপরিবারের যেকোনো গল্পে তিনি বিদ্যমান। রানি এলিজাবেথের পর এতটা জনপ্রিয়তা কেউ পাননি। তাঁকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় কোনোভাবেই। ডায়ানার পোশাক নিয়ে যতটা না তখন আলোচনা হতো, এখন চর্চা হয় আরও বেশি। শ্রেষ্ঠ বিয়ের পোশাকের মধ্যে ডায়ানার বিয়ের পোশাক এখনো এগিয়ে। পোশাকের নকশা আর কাট যেমনই হোক, সেটা বহন করার একটি বিষয় আছে। ডায়ানা সেই ক্ষেত্রে ১০০–তে ২০০ নম্বর পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন সাবলীলভাবেই। ১৯৯৭ সালে ডায়ানা মারা গেলেও এই প্রজন্মের ফ্যাশনপ্রেমীরা রাজকুমারীর সাজপোশাকে এখনো মুগ্ধ।

রাজকুমারী ডায়ানার বিয়ের আগের ও পরের সাজপোশাকে পার্থক্য লক্ষণীয়। চলতি ধারার পোশাক তাঁর জীবনযাপনে মুখ্য বিষয় ছিল না। তবে বিয়ের পর রাজপরিবারের সদস্য হিসেবে এর গুরুত্ব খুব ভালোভাবেই বুঝতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনে সাজপোশাক পরিবর্তনের ধারাটি সাহসিকতার সঙ্গে তুলে ধরেছিলেন। র‌্যাফেল তাঁর পোশাকের একটি জনপ্রিয় নকশা ছিল। আনুষ্ঠানিক–অনানুষ্ঠানিক যেকোনো পোশাকেই রঙের উপস্থিতি লক্ষণীয়। পোশাকের নকশা বা কাটে যদি কোনো ত্রুটি থাকত, ঢেকে দিতেন হাসি দিয়ে।

ডায়ানা যেকোনো পোশাক বেছে নেওয়ার সময় নিজের ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে নিতেন। তিনি সে ধরনের পোশাকই বেছে নিতেন, যেটায় স্বস্তি বোধ করবেন। প্রিন্সেস ডায়ানার পোশাক অসংখ্য কলাম ইঞ্চির গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জায়গা করেছে। আশি ও নব্বইয়ের দশকে তাঁর প্রেপি চিক লুক চলতি ধারার শীর্ষে ছিল। বাটন ডাউন অক্সফোর্ড শার্ট, পুলওভার, শিফট ড্রেস ও মুক্তার গয়না যেকোনো সময় ও যেকোনো জায়গায় পরার জন্য উপযুক্ত, প্রমাণ করেছিলেন তিনি।

সাধারণ পোশাকে

ঘরোয়া বা দৈনন্দিন পোশাকগুলোতে ছিল বেশ ভিন্নতা। একই পোশাক ঘুরিয়ে–ফিরিয়ে পরেছেন ডায়ানা। বাজে রকমের নকশার সোয়েটারেও তিনি থাকতেন উজ্জ্বল। এই বিষয়ে তিনি বেশ নাম কুড়িয়েছেন। বেডশিট অথবা ওয়ালপেপার ফ্লোলার’স, অর্থাৎ চাদরের ওপর বা দেয়ালের পেপারের ওপর যে রকম ফুলের নকশা থাকে, সে নকশার পোশাকেও দেখা গেছে তাঁকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বা তাঁর পোশাক পুরোনো স্টাইলের হয়ে যায়নি। প্যাস্টেল রং পছন্দ করতেন। মম জিনস, ব্লেজার, নানা রঙের পায়ের বুট, সাদা শার্ট, স্পোর্টস জ্যাকেট, ডানগারিস, হাই ওয়েস্টেড ওয়াইড লেগ প্যান্ট, ঢোলা সোয়েটার, হাঁটু পর্যন্ত ড্রেস, সোজা কাট, ফ্লোয়ি কাটের পোশাক ইত্যাদি ডায়ানার দৈনন্দিন পোশাকের অংশ ছিল। এ ছাড়া পলকা ডট ছিল তাঁর পোশাকের অবিচ্ছেদ্য নকশা। টপসে নাবিকদের মতো কলার পছন্দ করতেন। পোশাকে স্মোকের ব্যবহার থাকত।

আনুষ্ঠানিক পোশাকে

ডায়ানার আনুষ্ঠানিক পোশাকের বেলাতেও রং ছিল দেখার মতোই। কটকটা হলুদ, ম্যাজেন্টা যেমন ছিল; আকাশি নীল, সাদা, হালকা বেগুনি রংও তেমনি ছিল। তাঁর পোশাক এখন আমাদের কাছে রক্ষণশীল মনে হলেও তিনি রাজকীয় নিয়ম ভাঙার জন্য পোশাককে ব্যবহার করেছিলেন। সাধারণ মানুষের সঙ্গে দেখা ও শুভেচ্ছা জানাতে গ্লাভস পরার সিদ্ধান্ত বাদ দিয়েছিলেন। একটা সময়ের পর তিনি ফ্যাশনকে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন ও রাজনৈতিক বিবৃতি দেওয়ার বাহন হিসেবেও দেখতেন। আনুষ্ঠানিক পোশাকে ডোরাকাটা দাগ কিংবা চেকের প্রাধান্যও দেখা গেছে। ওভারসাইজড কলার, বারডোট নেকলাইন, কাঁধের প্যাড ইত্যাদি নকশাগুলো তাঁকে আইকনিক স্টাইলিশ হিসেবে স্বীকৃত দিয়েছে।

গাউনে অনবদ্য

র‌্যাফেল ডায়ানার গাউনগুলোকে দিয়েছে নাটকীয় নকশা। ওয়ান শোল্ডার, স্ট্র্যাপলেস, হাই নেকের গাউনগুলো অ্যাসিমেট্রিক্যাল, প্রিন্সেস, ফ্রক, সোজা ইত্যাদি কাটে থাকত। পাশাপাশি টুল্যে স্কার্টও পরেছেন কয়েকবার। তাঁর খাটো, কালো রঙের প্রতিশোধমূলক বা রিভেঞ্জ গাউন এখনো বিখ্যাত।