আজকাল ভুলে যাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবারে পরিবর্তন এনেও অ্যালজাইমার প্রতিরোধ করতে পারেন। মডেল: এলভিন। ছবি: অধুনা
খাবারে পরিবর্তন এনেও অ্যালজাইমার প্রতিরোধ করতে পারেন। মডেল: এলভিন। ছবি: অধুনা

বিভিন্ন কারণে আলঝেইমার রোগ হতে পারে। বয়স্কদের মধ্যে আলঝেইমারে আক্রান্ত হতে বেশি দেখা যায়। এ রোগে মানুষ ধীরে ধীরে অনেক কিছু ভুলে যায়। সারা বিশ্বে প্রতি ৬৮ সেকেন্ডে একজন মানুষ এই রোগে আক্রান্ত হয়। সারা দিনে কিছু কিছু কাজ ভুলে যাওয়াটাকে ডিমেনশিয়া বলে। কিন্তু দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ ভুলে যাওয়াটা আলঝেইমারের লক্ষণ। বিভিন্ন চিকিৎসা অথবা ওষুধের মাধ্যমেই মূলত এই রোগ কিছুটা সারিয়ে তোলা হয়। পুরোপুরি সারিয়ে তোলার জন্য কোনো চিকিৎসা বা ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। তবে বিশেষজ্ঞরা একটি গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন, কীভাবে ডায়েটের মাধ্যমে আলঝেইমার প্রতিরোধ করা যায়।
ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন বি-৬, ভিটামিন বি-১২ এবং ক্যারোটিন আলঝেইমার প্রতিরোধে কাজ করে। বিভিন্ন ফল যেমন: আপেল, পেয়ারা, কম চর্বিযুক্ত মাছ, দুধজাতীয় খাবার এবং মুরগির মাংস আলঝেইমার প্রতিরোধে সাহায্য করে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, আলঝেইমার রোগটি অনেক সময় পারিবারিক জিন থেকে হয়। পুরোপুরি সারিয়ে তোলা যায় না কোনো কোনো ক্ষেত্রে। তবে ওষুধ এবং তার পাশাপাশি কিছু খাবার গ্রহণ করলে কিছুটা কমে আসে এই রোগ। রেড মিট, অ্যালকোহল যাঁরা বেশি খান তাঁদের এই রোগ হওয়ার আশঙ্কা থাকে। ফলিক অ্যাসিড এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গ্রহণ করতে হবে। আলঝেইমারে আক্রান্ত ব্যক্তিদের তিনি প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার পরামর্শ দেন।
আলঝেইমারে আক্রান্ত ব্যক্তিদের খাবারে হলুদের পরিমাণটা বেশি থাকা উচিত। যদি কারও হৃদ্‌রোগ না থাকে তবে ফ্যাটি অ্যাসিডের জন্য তাঁরা নারকেল খেতে পারেন। এভরিডে হেলথ–এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, অ্যান্টি-অক্সিডেন্ট যেসব খাবারে বেশি সেসব খাবার আলঝেইমার কমিয়ে দেয়। যেমন: ক্রানবেরি, ব্লুবেরি, গ্রিন টিতেও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে।