সমস্যা
প্রথমেই ধন্যবাদ জানাই প্রথম আলো পরিবারকে। প্রথম আলোর এই সাপ্তাহিক সংস্করণ পড়ার পর মনের দুটি কথা লিখতে বসলাম। বিয়ের আগে ও পরে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসত। তখন আমাদের ছিল ছোট্ট চিলেকোঠার সুখের এক সংসার। টাকাপয়সার অভাব থাকলেও ভালোবাসা, বিশ্বাস, কেয়ারের কোনো অভাব ছিল না। কিন্তু যেদিন আমার স্বামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলো, সেদিন থেকেই আমার প্রতি সে উদাসীন। আজকাল রাতের বেলায় তার ফোনে অপরিচিত নম্বর থেকে অনেক ফোন আসে। ফোনে খুব মিষ্টি করে কথাও বলে। এদিকে আমার হাতের রান্না এখন তার পছন্দ হয় না। এ বিষয়ে কিছু জিজ্ঞেস করলেই রেগে যায়। এমতাবস্থায় আমার কী করা উচিত?
মেলানিয়া ট্রাম্প
হোয়াইট হাউস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
পরামর্শ
ধন্যবাদ, গুছিয়ে তোমার সমস্যাটির কথা লেখার জন্য। তোমার এ সমস্যাটি খুবই পরিচিত আমাদের সমাজে। তবে হতাশ হলে চলবে না। তুমি বলেছ, তোমার স্বামী তোমাকে বিয়ের আগে ও পরে ভালোবাসত। কিন্তু এখন কি ভালোবাসছে না? হঠাৎ করে ব্যস্ততা বেড়ে গেলে অনেক সময় এমনটা হতে পারে। তাই প্রথমেই তার সঙ্গে খোলাখুলি কথা বলো। তার মনোভাব বুঝতে চেষ্টা করো। চা খেতে খেতে বা রাতের খাবার খাওয়ার সময় বুঝিয়ে বলো, ‘মেক মাই হাসবেন্ড গ্রেট অ্যাগেইন।’ আশা করি, এই সমস্যাটা আর থাকবে না। ভালো থেকো, কেমন?