আজকে না-হয় ভালোবাসুন
প্রিয় মানুষটাকে শেষ কবে চিঠি লিখেছেন বলুন তো? এসএমএস, ই-মেইল আর ফেসবুকের এ যুগে সেটা যে সম্ভব নয়, তাও জানি। আজকে নিজ হাতে একটা চিঠি লিখে ফেলুন। সঙ্গে থাকতে পারে একটা কবিতা। আর সেটা যদি স্বরচিত হয়, তাহলে তো কথাই নেই। তবে যাঁর কবিতাই হোক না কেন, প্রেমের কবিতা ছাড়া অন্য কবিতা আজকের জন্য নিষিদ্ধ। ফিরোজ-লিমা (ছদ্মনাম) দম্পতির বিয়ের একযুগ পেরিয়ে গেছে। এখনও ভালোবাসা দিবসে ফিরোজ-লিমাকে উপহার দেন হূদয় আকৃতির চকলেট। তা পেয়ে লিমাও হন উচ্ছ্বসিত। এখনও ভালোবাসা দিবসের বিশেষউপহার তাঁদের কাছে বিশেষঅনুভূতি প্রকাশেরই প্রতীক।ঘরের ছোটখাটো কাজগুলো হয়তো কখনোই করতে পারেন না। আজকে ঠিকঠাক করে ফেলুন। আপনি যে সঙ্গীর চাওয়া-পাওয়ার দিকে নজর দিচ্ছেন, এটা ঠিক বুঝে যাবেন তিনি। তবেই না মুখে ফুটে উঠবে চওড়া হাসি, যার জন্য আপনার এত আয়োজন।মনে করার চেষ্টা করুন তো তিনি কোন বই পড়তে চাচ্ছিলেন, কোন সিনেমা দেখতে কিংবা প্রিয় কোন শিল্পীর অ্যালবাম শুনতে চাচ্ছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। আজকেই সঠিক দিন। চমকে দিতে পারেন অপ্রত্যাশিত সেই উপহার দিয়ে। তাঁর কোনো পছন্দের জায়গা, যেখানে সঙ্গীটি যেতে চেয়েছিলেন কিন্তু হয়ে ওঠেনি। দুজন মিলে চলে যান সেখানে। তারপর আরামদায়ক কোথাও খেতে খেতে সন্ধ্যাটা কাটালে মন্দ হয় না। সে ক্ষেত্রে সঙ্গীর পছন্দের খাবারের দোকানকেই অগ্রাধিকার দিন। খাবারের মেনুতেও তাঁর পছন্দের খাবারটাই অর্ডার করুন। তবে এদিন রেস্টুরেন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো। বাইরে যেতে না চাইলে, মোমের আলোয় রাতের খাবারের আয়োজন করতে পারেন ঘরের মধ্যেই। সে ক্ষেত্রে সঙ্গীটির প্রিয় খাবারের কথা মনে আছে তো? এমনিতে হয়তো রান্না করেন না, আজ আপনার হাতের রান্না স্বাদে যেমনই হোক, সঙ্গীর কাছে অমৃত লাগার কথা। বাসাটাকে বানিয়ে ফেলুন স্বপ্নপুরীর মতো। মোমবাতি, ফুলদানি কিংবা হালকা চালের কোনো মিউজিক হতে পারে দারুণ অনুষঙ্গ।ব্যস্ততার কারণে হয়তো সঙ্গীটি ভালোবাসা দিবস নিয়ে কোনো পরিকল্পনাই করতে পারেননি। তাতে মন খারাপ করবেন না। আর তাঁকেও মন খারাপ করতে দেবেন না। আপনার আয়োজন, পরিকল্পনা দেখে তিনিও নিশ্চয়ই সামনে অনুপ্রাণিত হবেন কিছু একটা করার জন্য। আরেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে নিয়ে ভাবুন। সঙ্গীর চোখে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করুন। সাজ-পোশাকে আনতে পারেন পরিবর্তন। বড়সড় একটা ধাক্কা খাক না সঙ্গীটি। মুখ দিয়ে বের হয়ে আসুক, ওয়াও...। নতুন সাজে আপনাকে দেখলে আপনার প্রতি তিনি আরও আগ্রহী হয়ে উঠবেন। নিজেদের একান্ত সময়গুলো পার করুন একটু অন্য রকম করে। যাতে আগামী ভালোবাসা দিবস পর্যন্ত সেটা মনে থাকে সোনালি স্মৃতির মতো। শোবার ঘরের জানালা অথবা তাঁর অফিসের জানালায় একগোছা ফুল কিংবা বেলুন ঝুলিয়ে দিতে পারেন। রোমান্টিক প্রিয় গানের তালে তালে হালকা নাচতেও পারেন। নাটকীয়তা নিয়ে যে যা-ই বলুক, এই নাটকীয়তাগুলোই কিন্তু সম্পর্কে প্রাণ ফিরিয়ে আনে। আজকে কাজের পরিমাণ একটু কমিয়ে সঙ্গীকে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। সঙ্গীটি যদি চাকরি করেন, তাহলে তাঁকে অফিস থেকে তুলে নিন। মোটকথা তাঁর সঙ্গে রাজপুত্র অথবা রাজকন্যার মতো আচরণ করুন, আজকের দিনের জন্য হলেও। চকলেট আর ফুলের কথা তো আপনার মাথায়ই আছে। তবে যা-ই বলুন না কোন, আজকের দিনের জন্য লাল গোলাপের কিন্তু কোনো বিকল্প নেই। আর রইল বাকি আইসক্রিম...এটারও কি বিকল্প আছে?আপনার সঙ্গীটিকে ভালোবাসার কথা মুখ ফুটে হয়তো অনেক দিন বলেন না। ভাবখানা এমন, ভালোবাসিই তো, এটা আবার বলার কী আছে! একদম ভুল ধারণা, বলার আছে। আপনার মুখ থেকে শোনা কথাটার অন্য রকম একটা মূল্য তাঁর কাছে অবশ্যই আছে। তাঁকে জানতে দিন যে আপনার জীবনে তিনি শুধুই একজন সঙ্গী নন, অনেক বড় আশীর্বাদও বটে। তাঁকে পাশে পেয়ে আপনি যে কৃতার্থ, সেটাও জানান। এরই নাম ভালোবাসা।