আজকের দিনটি ভুলোমনাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে কখনো কখনো এমন দিন আসে, যে দিনকে যত্ন করে মনে রাখতে ইচ্ছা করে। আবার দুঃস্বপ্নের মতো আসে কোনো কোনো দিন, যেন দিনটিকে ভুলে যেতে পারলেই শান্তি। অথচ দুটো ক্ষেত্রেই ব্যাপার ঘটে পুরোপুরি উল্টা। যেটা ভুলে যেতে চাই, সেটা মনে পড়ে বারবার। আর মনে রাখা দরকার যেটি, দেখা যায় তা ভুলে বসে আছি। মনে রাখার জন্য আয়োজনও থাকে কত রকম। ক্যালেন্ডারে রিমাইন্ডার, ঘড়িতে অ্যালার্ম, চোখের সামনে ঝুলিয়ে রাখা স্টিকি নোট—আরও কত কী! কিন্তু মোক্ষম সময়ে ঠিক ভুলে যায় মন। চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, কোনো গুরুত্বপূর্ণ মিটিং, প্রিয়জনের জন্মদিন, প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ার দিন, এমনকি নিজের বিবাহবার্ষিকীও বেমালুম ভুলে বসে থাকেন কেউ কেউ। এই সব ভুলে যাওয়া জন্ম দেয় হাজারো গল্পের। তাতে থাকে মেজাজ হারানো চিৎকার কিংবা অভিমানে ভেজা ছলছল চোখ।

ভুলে যাওয়া দিনের মাশুল হিসেবে আজকের দিনটি উদ্‌যাপন করতে পারেন
ছবি: সংগৃহীত

আজ এমন এক দিবস, যে দিবসের জন্মই হয়েছে এই ভুলে যাওয়াকে উপলক্ষ করে। ‘আই ফরগট ডে’ দিনটির প্রচলন হয়েছিল গেই অ্যান্ডারসন নামে এক নারীর হাত ধরে। মজার ব্যাপার হচ্ছে, কবে এই দিবসের প্রচলন করেছিলেন, তিনি নিজেই ভুলে গেছেন। ৫, ১০ বা ১৫ বছর আগে হতে পারে বলে ধারণা করেন।

প্রিয় দিনগুলো ভুলে যান যাঁরা, দিনটি হতে পারে তাঁদের জন্য দারুণ এক সুযোগ। প্রিয় সেসব মানুষের কাছে দুঃখ প্রকাশ করে নিন আজ। ভুলে যাওয়া দিনের মাশুল হিসেবে আজকের দিনটি উদ্‌যাপন করতে পারেন।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে