আজব উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়মোড়া ভেঙে, চোখ কচলে যেই না দেয়ালঘড়ির দিকে তাকালেন, ওমনি তড়াক করে বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন। সর্বনাশ! অফিসের দেরি হয়ে গেছে। বড় কর্তার বক্র চাহনিটা চোখের সামনে ভাসছে। তাড়াহুড়া করছেন। এমন সময় যা হয় আর কি। সবচেয়ে দরকারি জিনিসটা হাতের কাছে পাওয়া যায় না। হাতঘড়িটা পেলেন তো সেলফোনটা খুঁজে পাচ্ছেন না। টেবিলের ওপর, বিছানা এমনকি বালিশের নিচে—খোঁজার বাকি রাখেননি কোথাও। অবেশেষ পেলেন। কিন্তু চশমাটা গেল কই!এমন বিড়ম্বনা থেকে আপনাকে রেহাই দিতে ফরাসি প্রকৌশলী জ্যানিক সিমেরে উদ্ভাবন করেছেন বিশেষ এক ধরনের টেবিল, যার ওপর প্রয়োজনীয় বস্তুটি রাখলে সেটি শূন্যে ভেসে থাকবে। এতে কোনো জিনিস সহজেই আপনি যেমন হাতের কাছে পাবেন, তেমনি সেটি অসাবধানে নিচে পড়ে যাবে না। ঘরের জিনিসপত্র শূন্যে ভাসবে! ওরে ব্বাস্, বলে কী! অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। ব্যাপারটা একেবারে সাদামাটা। টেবিলের নিচে একটি চুম্বকস্তম্ভ রেখে দেওয়া হবে। ব্যস্ হয়ে গেল।এমনি আরও আছে। যেমন শপিং ট্রলি। কষ্ট করে জিনিসটা বয়ে না বেড়িয়ে ক্লদ ফারনিয়ের বানিয়েছেন ভাঁজ করে কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো যায়, এমন এক ধরনের ট্রলি। ক্লদ ফারনিয়েরের বয়স ৬৭। এই বয়সেও তিনি বসে নেই, নিত্যনতুন চিন্তা আর উদ্ভাবন নিয়ে মেতে আছেন।জ্যানিক সিমেরে ও ক্লদ ফারনিয়েরের মতো আরও ৭০০ উদ্ভাবক এসে জড়ো হয়েছিলেন সুইজারল্যান্ডের জেনেভায়। রোজকার কাজে লাগে, এমন হাজারখানেক উদ্ভাবিত বস্তু ঠাঁই পেয়েছিল ওই মেলায়। ২১ থেকে ২৫ এপ্রিল হয়ে গেল ৩৮তম আন্তর্জাতিক উদ্ভাবনী মেলা। এতে বিশ্বের ৪৫টি দেশের উদ্ভাবকেরা যোগ দেন। এসব উদ্ভাবন আহামরি কিছু না হলেও গৃহস্থালির কাজে জুতসই। বড় বড় আবিষ্কার বা উদ্ভাবনের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে হয়। এর বিপরীতে ছোটখাটো এসব বস্তু তৈরিতে তেমন একটা খরচ করতে হয়নি উদ্ভাবকদের। অথচ এগুলো তৈরির পেছনে লুকিয়ে আছে কত সৃজনশীলতা! রোমানিয়া থেকে এসেছেন মিরকে তুদর। গত বছরও তিনি প্রদর্শনীতে এসেছিলেন। সেবার প্রথম পুরস্কারটি বগলদাবা করে ফিরেছিলেন ঘরে। তাঁর উদ্ভাবিত যন্ত্রটি ছিল একটি ট্রাক স্ক্যানার। সীমান্তে শুল্ক কর্মকর্তাদের জন্য সহায়ক এই যন্ত্রটি বর্তমানে ভারতে ব্যবহার করা হচ্ছে। রোমানিয়ায় একটি প্রতিষ্ঠানের মালিক মিরকে তুদর। বছরে তাঁর দুই কোটি ডলারের ব্যবসা আছে। এসব নিয়ে ভাবেন বা কাজ করেন কখন—এমন প্রশ্নের জবাবে ৫৩ বছর বয়সী এই উদ্ভাবক বলেন, ‘রাতে, যখন আমি একা থাকি। তবে আইডিয়া এমন এক জিনিস, এটা যেকোনো সময় মাথায় আসতে পারে। ঘুম থেকে জেগেছেন বা কফিশপে বসে গরম কাপে চুমুক দিচ্ছেন, এমন সময় হুট করে মাথায় আইডিয়া চলে আসতে পারে।’এই আইডিয়া কী জিনিস, সেটা টের পাওয়া যায় ফরাসি উদ্ভাবক জ্যানিক সিমেরের কাছে গেলে। এ পর্যন্ত নিজের উদ্ভাবিত ১২০টি যন্ত্রের পেটেন্টের জন্য আবেদন করেছেন তিনি। এবারের মেলায় হালকা শপিং ট্রলিটা তিনিই নিয়ে এসেছেন।কোকাকোলা বা পেপসির বোতলের ছিপি খুলতে আমাদের কতই না কসরত করতে হয়। কিন্তু বেলজিয়ামের অ্যালেক্সিস বাবুসিয়াক্স ছিপি খোলার এমন এক চাবি উদ্ভাবন করেছেন, যা দিয়ে এক হাতে অনায়াসে বোতলের ছিপি খুলে ফেলা যাবে। সামির উগরি নামের এক তালা-চাবিওয়ালা একটি সাইকেল নিয়ে এসেছেন প্রদর্শনীতে। সাইকেলটির বিশেষত্ব হলো, মোটরসাইকেলের মতো সামনে-পেছনে বাতি আছে। ব্রেক কষলে সাইকেলের বাতি জ্বলে উঠবে। এতে রাতের বেলা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রেহাই পাবেন চালক।উদ্ভাবনী মেলার প্রেসিডেন্ট জেইন-লুক ভিনসেন্টের ভাষ্য, গোটা পৃথিবী চষে এমন আরেকটি আয়োজন দেখাতে পারবেন না আপনি। অতি সামান্য, ছোটখাটো বস্তু দিয়ে একসঙ্গে এত সৃজনশীল কাজ আপনি আর কোথায় পাবেন! শুধু প্রদর্শনীর জন্য নয়, এই মেলা থেকে কেনাকাটাও কম হয় না। গেল বছর চার কোটি ডলার সমমূল্যের কাজ পেয়েছেন উদ্ভাবকেরা।ওয়েবসাইট অবলম্বনে আবুল হাসনাত