আজব কারিগর
ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহর। লোকজনের কাছে জিজ্ঞেস করে ইসলামপুর জায়গাটা খুঁজে পেতে খুব বেশি ঝামেলা হলো না। ঝামেলা হলো গন্তব্যস্থল মো. রহমত উল্লাহ খানের বাসার দোরঘণ্টিটির সামনে পড়ে! বলতে দ্বিধা নেই, প্রথম দেখাতেই নজর কেড়ে নেয় ওই বৈদ্যুতিক ডিভাইসটি। চমৎকার ছোট্ট একটা ঘর, তার মাঝে বৈদ্যুতিক সুইচ। আর দশটা দোরঘণ্টি থেকে একদম আলাদা। সেটির নিচের দিকে ঝুলে থাকা কিছু উন্মুক্ত তারই ঝামেলার কারণ। মনে সংশয়, হাত দিলেই না আবার শক্-টক্ দিয়ে বসে! তাই দোনোমনা অবস্থায় মুঠোফোনই শেষ ভরসা। কয়েক সেকেন্ড বাদেই দরজা খুলে দিলেন মো. রহমত উল্লাহ খান ওরফে আনোয়ার। ৩৫ বছর বয়সী তরুণ। মুখে বিনম্র হাসি। দোরঘণ্টিটির কথা তুলতেই আনোয়ারের মুখে তৃপ্তির হাসি! বুঝিয়ে বললেন, ‘ইচ্ছে করেই দোরঘণ্টি থেকে এমন তার বের করে দিয়েছি। আসলে এতে বিদ্যুতের সংযোগ নেই!’ তাহলে? ‘প্রতিদিন দুপুরবেলা বাইরে থেকে অজানা-অচেনা লোকজন এসে এই দোরঘণ্টির সুইচ চেপে বিরক্ত করে, তাই বুদ্ধি করে এই ফন্দি এঁটেছি! এখন আর কেউ ভয়ে এতে হাত দিতে চায় না। আরেকটা ব্যবস্থাও করেছি আমি। এখানে দুই ধরনের শব্দ পাওয়া যায়। ওপরের সুইচ চাপলে একধরনের শব্দ। ভেতরে আরেকটা গোপন সুইচ আছে, সেটা থেকে আরেক ধরনের শব্দ। সেটা কেবল আমাদের বাসার সদস্যরাই জানেন। ফলে শব্দ শুনেই ভেতর থেকে বোঝা যায়, কে বা কারা সুইচ চেপেছে!’ আমরা আনোয়ারের কাছে এসেছি তাঁর উদ্ভাবিত নিত্যপ্রয়োজনীয় কিছু দ্রব্য আর আসবাবের নমুনা দেখব বলে। ঘরে ঢোকার আগেই ওই দোরঘণ্টিটির কারিকুরি দেখে আন্দাজ করতে পারি, ভেতরে আরও নতুন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।হলোও তাই, দরজা পেরোতেই খাবার ঘর। সে ঘরে ঢুকে কোন জিনিসটার ওপর যে আমরা দৃষ্টি নিক্ষেপ করব, তা-ই ঠিক করতে হিমশিম খেতে হয়! ডাইনিংয়ের চেয়ার, টেবিল, গ্লাসস্ট্যান্ড, ফিল্টার মেশিন থেকে শুরু করে শোকেস—সবকিছুতেই ভিন্নতর রূপ। কেবল রূপেই যে আলাদা, তা নয়। যেমন ধরা যাক পানি ফিল্টারের মেশিনটির কথাই। বাজার থেকে সাধারণ একটা ফিল্টার মেশিন কিনে তার সঙ্গে নিজের উদ্ভাবনী মেধা যোগ করেছেন আনোয়ার। ফিল্টার মেশিনে নিয়মিত পানি দেওয়া বেশ ঝামেলার একটা কাজ। তাই তিনি নিয়মিত পানি সরবরাহের জন্য তৈরি করেছেন আলাদা একটা পাত্র। ফিল্টার মেশিনে পানির টান পড়লেই তা পানি সরবরাহ করে। মজার বিষয় হলো, পানির পাত্রের গায়ে একটা গাবদা-গোবদা মাকড়সা! কারণ জানতে চাইলে আনোয়ারের ব্যাখ্যা, ‘পানি ভর্তি থাকলে মাকড়সাটা পাত্রটির নিচের দিকে থাকবে। পানি যত কমবে, মাকড়সা তত ওপরের দিকে উঠে যাবে। এভাবে একদম ওপরে চলে গেলে বোঝা যাবে, পাত্রে পানি নেই।’ এমনই খুঁটিনাটি কিন্তু প্রয়োজনীয় উদ্ভাবন আনোয়ারের বাসার প্রতিটি আসবাব, তৈজসপত্র কিংবা ছুরি-কাঁচির মতো জিনিসগুলোকে করেছে আরও সহজে ব্যবহারযোগ্য। কেবল ব্যবহারযোগ্যই নয়, আনোয়ারের নিজের নকশায় তৈরি প্রতিটি জিনিস শৈল্পিক দৃষ্টিকোণ থেকেও নান্দনিক। টেবিলে রাখা ছোট্ট একটা লবণ রাখার পাত্রই হতে পারে তার মোক্ষম উদাহরণ। আগাগোড়া স্টেনলেস স্টিলের তৈরি সেই লবণ-পাতের একদিকে একটি গোলক। একটি ফ্রেমের ওপর বসানো সেই গোলকের সঙ্গে যুক্ত আছে আরেকটি সিলিন্ডার আকৃতির পাত্র। যেখানে রাখা যায় লবণ। লক্ষণীয় বিষয়, আনোয়ারের প্রতিটি উদ্ভাবনই ছোট ছোট অংশে বিভক্ত করা যায়। নিজের উদ্ভাবনের এ দিকটি নিয়ে আনোয়ার বললেন, ‘সব সময় লক্ষ রাখি, প্রতিটি জিনিসই যেন আলাদা অংশে ভাগ করা যায়। আমরা সচরাচর যেটা করি, লোহা বা স্টিলের জিনিসপত্র ঢালাই দিয়ে জিনিসটির স্থায়িত্ব নষ্ট করে ফেলি। অথচ উন্নত প্রযুক্তি বা প্রকৌশল বলে, ঢালাইয়ের চেয়ে প্রতিটি অংশ আলাদা করলে স্থায়িত্ব বেড়ে যায় অনেক গুণ। তাই আমি নিজের হাতে প্রতিটি নাট-বল্টু তৈরি করে নিই। এবং প্রতিটি জিনিসই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। এর আরেকটি সুফল হলো, জিনিসটি সহজেই বহনযোগ্য হয়। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে যা বেশ ইতিবাচক।’ড্রয়িংরুমে ঢুকতেই একটা তালিকা দৃষ্টিগোচর হয়। সেখানে সোফাসেট থেকে শুরু করে ডিভান, অ্যাকুরিয়াম, ম্যাগাজিন স্ট্যান্ড, দেয়ালঘড়ি, ওয়াল ইউনিট ও ফটোফ্রেমের মতো মোটমাট ২৩টি নমুনার উল্লেখ। নমুনাগুলো চাক্ষুষ করে তাজ্জবই হতে হয়। অ্যাকুরিয়ামটার কথাই ধরা যাক। কাচের দেয়ালের ওপর কাঠের ঢেউ। মানতেই হয়, তা অভূতপূর্ব। নিচের দিকে মাছের খাবার রাখার জন্য ড্রয়ার। সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য জিনিসও এঁটে যাবে আরেক প্রকোষ্ঠে। পাশাপাশি পানিতে বুদ্বুদ তোলার জন্য আনোয়ারের প্রায় অধিকাংশ উদ্ভাবনের সঙ্গেই একটি বক্তব্য জুড়ে থাকে। ‘আমি চাই, প্রতিটি জিনিসের সঙ্গে কিছু-না-কিছু বলতে। যেমন ধরুন, একটা পেপার ওয়েট। সেটির ডিজাইনটি হয়তো পুরোনো দিনে ব্যবহূত মণের মতো। সেটির গায়ে আমি লিখে দিয়েছি, যা চাপা দিলাম তা কি সারা জীবনের জন্যই?’ বলছিলেন আনোয়ার।কথা বলতে বলতে আনোয়ার নিয়ে গেলেন তাঁর শয়নকক্ষে। সেখানে গিয়ে তিনি দেখালেন, এ পর্যন্ত তিনি আর কী কী উদ্ভাবন করেছেন। সেই তালিকা কম দীর্ঘ নয়। তিন শতাধিকের মতো নমুনার মধ্যে আছে—খাট, সাইড টেবিল, টুল, ল্যাম্প, ছাতা হ্যাঙ্গার আর আলমারি, মেডিসিন কেবিনেট, ক্লথ হ্যাঙ্গার ও ট্রলির মতো জিনিসপত্র। তবে আনোয়ারের মা রাহিমা খাতুন যখন তাঁর হেঁশেল ঘরে আমাদের নিয়ে গেলেন বোঝা গেল, এ বাসার অন্যতম আকর্ষণ এই ঘরটি! ছেলের এমন কীর্তির কথা বলতে বলতে মা খানিকটা আবেগাক্রান্ত, ‘দেখেন, এই যে বঁটিটা, কত যত্ন করে আমার জন্য তৈরি করে দিয়েছে ছেলেটা।’ রাহিমা না বললেও বঁটিটা সহজেই দৃষ্টি কেড়ে নেয়। একে বঁটিটি কিচেন কাউন্টারের সঙ্গে যুক্ত, ফলে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটাকুটির কাজ সেরে ফেলা যায়। তা ছাড়া ওই বঁটির ধারালো অংশের সামনে জুড়ে দেওয়া আছে একটি প্লাস্টিকের প্রটেক্টর, যা থাকার কারণে অসাবধান হলেও এড়ানো যায় যেকোনো দুর্ঘটনা। ফের ছেলের কথায় ফিরে গেলেন মা রাহিমা, ‘ ওকে হয়তো জামাকাপড় কিনতে এক হাজার টাকা দিয়েছি। ও করত কী, ঢাকার ফুটপাত থেকে ১০০ টাকা দিয়ে একটা শার্ট কিনে নিত। বাকি টাকা দিয়ে কিনত লোহালক্কড় কিংবা ওর উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম!’বাবা আবদুস সাত্তার খানও ছেলেকে নিয়ে গর্বিত। তবে কথার ফাঁকে কিছুটা সংশয়ের মেঘও খেলে যায় তাঁর প্রবীণ চোখে, ‘ ও ভীষণ পরিশ্রমী। এখনো দিন-রাত পরিশ্রম করে। কিন্তু শেষমেশ এই কাজের কোনো স্বীকৃতি তো ও পেল না!’স্বীকৃতি পেলেন কি পেলেন না, তা নিয়ে মাথা ঘামানোর মানুষ অন্তত আনোয়ার নন। তিনি কাজপাগল মানুষ। এমনটাই বললেন হররাম চৌধুরী ও কার্তিক মণ্ডল। আনোয়ার হাট লক্ষ্মীগঞ্জের যে লেদমেশিনের দোকানে নিজের কাজ করেন (জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ), সেখানকার পুরোনো দুই কর্মী তাঁরা। আনোয়ারের পরিশ্রমের নমুনা পাওয়া গেল তাঁর নিজের ওয়ার্কশপে গিয়ে। শহরের দুর্গাবাড়ী চৌরাস্তায় তাঁর গবেষণাকেন্দ্রটি। সেখানে কাজ করতে করতে আনোয়ার ঘেমে যান, ক্যাসেট প্লেয়ারে বাজতে থাকে পুরোনো বাংলা সিনেমার রোমান্টিক একটা গান। তরুণ আনোয়ার হাসেন। বলেন, ‘দেখেন এখন পর্যন্ত আমার এই উদ্ভাবন তেমন কারও নজরে পড়েনি। ফলে আমি চাইলেও এসব বাজারজাত করার মতো কোনো উপায় নেই। অথচ আমি জানি, বাজারে এসবের চাহিদা কম হবে না। আর আমার এই ইচ্ছা পূরণ হচ্ছে না বলেই এখন পর্যন্ত বিয়ে করতেও সাহস পাচ্ছি না!’ বলেই স্বভাবসুলভ বিনম্র-লাজুক ভঙ্গিতে হাসেন আনোয়ার। হাসির শব্দ ছাপিয়ে যায় ড্রিল মেশিনের যান্ত্রিক আওয়াজ।