আজব চা-খোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

গেল ঈদের তৃতীয় দিনের ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যায় আম্মু গেলেন চা বানাতে। চা বানানো শেষ হতে না হতেই কোথা থেকে একটা নাদুসনুদুস গোবেচারা টাইপের ব্যাঙ হেলেদুলে আম্মুর দিকে এগিয়ে এল। প্রথম আম্মু খেয়াল করেননি। যখন ব্যাঙটা আরও কাছাকাছি এসে নিচু কণ্ঠে ঘ্যাঙর ঘ্যাঙ করে ডেকে উঠল আম্মু ভয় পেয়ে ছিটকে সরে গেলেন। ব্যাঙটা সেদিকে ভ্রুক্ষেপ না করে ডাকতে ডাকতে আরও একটু এগিয়ে এল।
আমি মজা করে বললাম, ‘ওর মনে হয় খিদে পেয়েছে, কিছু খেতে চায়।’ রান্নাঘরে এই ব্যাঙ কোথা থেকে এল আম্মু তখনো সেই রহস্য উন্মোচনে ব্যস্ত। আমি দুষ্টুমি করে চামচে একটু চা নিয়ে ওর সামনে মেঝেতে ঢেলে দিলাম। আর আমাকে অবাক করে দিয়ে ব্যাঙটা চুকচুক করে চা খেতে শুরু করে দিল। পরপর তিন চামচ চা খেয়ে অতঃপর সে মহানন্দে ভুঁড়ি দুলিয়ে চলে গেল। ঘটনা এখানেও শেষ হতে পারত, কিন্তু হলো না। এর পরদিনও চা বানানোর সময় সে এল এবং চা খেয়ে চলে গেল। কোথায় যে সে লুকিয়ে থাকে আর ঠিক চা বানানোর সময় এসে হাজির হয়, সে এক বিরাট রহস্য। হয়তো সে নিয়মিতই চা খেতে আসত যদি না আমরা দুদিনের জন্য নানুবাড়ি বেড়াতে যেতাম। দুদিন আমাদের না পেয়ে হয়তো সে মন খারাপ করে অন্য কারও বাসায় চলে গেছে। যারা সন্ধ্যাবেলা নিয়মিত চা বানায়।

আফরোজ ন্যান্সি
কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।