
এমন জাদুঘর জুল ভার্ন যদি একবার ঘুরে দেখতে পারতেন, তাঁর বোধ হয় হিংসাই হতো! বাস্তবের এই জাদুঘর জুল ভার্নের লেখা কাল্পনিক উপন্যাস জার্নি টু দ্য সেন্টার অব দি আর্থকেও ছাড়িয়ে গেছে। পুরোপুরি পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে না পারলেও, জাদুঘরের দিকে রওনা হলে আপনার যাত্রাটা সে পথেই হবে।
সালিনা টার্ডা নামের এই জাদুঘর দেখতে হলে আপনাকে যেতে হবে রোমানিয়ায়। এটি ছিল মূলত একটি লবণের খনি। যে খনির খননকাজ শুরু হয়েছিল ১১ থেকে ১৩ শতকের মাঝামাঝি সময়ে। লবণের এই খনিকেই সাজানো হয়েছে একটি আধুনিক পর্যটনকেন্দ্রের আদলে। আলো-আঁধারিতে প্রেমময় নৌকাভ্রমণ ছাড়াও আপনি এখানে পাবেন স্বল্প পরিসরে গলফ খেলার সুবিধা। কাঠের কাঠামো আর চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখে আপনার মনে হতে পারে, বোধ হয় পৃথিবীর বাইরে কোনো এক অজানা রাজ্যে পা রেখেছেন! জাদুঘরটির আবহাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বলে মনে করছেন বিজ্ঞানীরা। যাঁরা অ্যালার্জিজনিত শ্বাসনালির অসুখে ভুগছেন, জাদুঘরের তাপমাত্রা তাঁদের জন্য খুবই উপযোগী। বিস্তারিত জানতে পারেন এই ওয়েবসাইটে: http://salinaturda.eu/
মো. সাইফুল্লাহ