আজব স্মৃতিধর!

১৯৮৭ সালের ২১ মার্চ কী বার? কয়েক সেকেন্ডে উত্তর এল, ‘শনিবার’। ১৯৮০ সালের ২৭ অক্টোবর? এবারও উত্তর মিলল ঝটপট, ‘সোমবার’। এভাবে ইংরেজি নানা বছরের কোন তারিখে কী বার ছিল বা হবে, তা অনায়াসে বলে দিতে পারেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র চন্দন কুমার মজুমদার।
শুধু সাল-তারিখ আর বার নয়, সংখ্যাতত্ত্ব ব্যবহার করে তিনি অনেক জটিল অঙ্কের সমাধান দিতে পারেন মুহূর্তে। কাগজ-কলম ছাড়াই বলে দিতে পারেন সংখ্যার ঘনমূল। গণিতের মেধা বাড়ানোর জন্য ব্যবহৃত রুবিকস কিউবের ছয় পাশ মেলাতে তাঁর সময় লাগে দুই মিনিট।
চন্দনের স্মৃতিশক্তির বিষয়টি সামনাসামনি দেখতে গত মাসে প্রথম আলোর যশোর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয় চন্দনকে। সেখানে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক রাজু রায়। তিনি একটি কাগজে ৪০টি উল্টোপাল্টা সংখ্যা লিখে চন্দনের কাছে দেন। চন্দন কাগজের ওপর পাঁচ মিনিট চোখ বুলিয়ে কাগজটি ফেরত দেন। এরপর চোখ বন্ধ করে গড় গড় করে ক্রমানুসারে সংখ্যাগুলো বলে যান।
এরপর টেবিল, কলম, চেয়ার, লেবু, ডাব, তেল, সরিষা, টব, আলু, পটোল, কলম, প্যান্ট—এ রকম ২০টি শব্দ লিখে আবার চন্দনের সামনে আরেকটি কাগজ ধরা হয়। চন্দন কাগজটিতে কিছুক্ষণ চোখ রেখে চোখ বন্ধ করে শব্দগুলো মুখস্থ বলে যান।
স্মৃতিশক্তির রহস্য
এমন স্মৃতিশক্তি কীভাবে রপ্ত করলেন জানতে চাইলে চন্দন মজুমদার বলেন, ‘সংখ্যাতত্ত্বের সঙ্গে কল্পনার মিশেল দিয়ে সবকিছু মনে রাখি। ধরুন ল্যাপটপ, পত্রিকা আর ফোন—এ তিনটি জিনিস মনে রাখার জন্য আমি প্রথমে কল্পনা করি ল্যাপটপে একটি পত্রিকা পড়ছি। পত্রিকায় ফোনের একটি বিজ্ঞাপন দেওয়া আছে। এভাবে একটি জিনিসের সঙ্গে আরেকটি জিনিসের সম্পর্ক যুক্ত করে স্মৃতিতে ছবি এঁকে রাখি।’
চন্দনের স্মৃতিশক্তি যাচাই করে রাজু রায় বলেন, ‘সংখ্যাতত্ত্ব একটি জটিল বিষয়। চন্দন যে প্রক্রিয়ায় স্মৃতিশক্তি বাড়ানোর চেষ্টা করছে, সেটি সংখ্যাতত্ত্বেরই একটি টার্ম। চন্দন যদি এটি যথাযথভাবে অনুশীলন করতে পারে, তাহলে ভবিষ্যতে ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপে যাওয়ার স্বপ্ন সে বাস্তবে রূপ দিতে পারবে।’
চন্দন বলেন, প্রতিবছর ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়। নির্দিষ্ট কয়েকটি বিষয়ের ওপর সেখানে প্রতিযোগিতা হয়। আমরা স্বপ্ন বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার।’
চন্দনের স্মৃতিশক্তি কতটা প্রখর, তা যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হলো যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলামের কাছে। তিনি চন্দনের স্মরণশক্তি যাচাই করে প্রথম আলোকে বলেন, স্মৃতিশক্তি বাড়ানোর নেমোনিকস পদ্ধতি ব্যবহার করে চন্দন স্মরণশক্তি বাড়ানোর চেষ্টা করছেন, এটি স্মৃতির সঙ্গে চিন্তার সমন্বয় ঘটিয়ে করতে হয়। আধুনিক ও বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি হলো এই নেমোনিকস।
অভাবের সঙ্গে লড়াই
চন্দনের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামে। বাবা প্রশান্ত কুমার মজুমদার পেশায় কর্মকার। দা-বঁটি তৈরি করে তা বিক্রির টাকায় তিনি সংসার খরচ চালান। চন্দন জানান, পরিবারের লোকজন মেমোরি চর্চার বিষয়টি ঠিক বুঝতে পারেন না।
ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপে যাওয়ার প্রেরণার উত্স কী জানতে চাইলে চন্দন বলেন, মাস ছয়েক আগে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে আটবারের ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়ন ডোমিনি ও ব্রাইনকে অতিথি হিসেবে আনা হয়। তিনি কোন সালের কোন তারিখে কী বার ছিল, তা গড় গড় করে বলে দিচ্ছিলেন। সেখান থেকে চন্দন অনুপ্রেরণা পান।