আজবপুরের জাফরউল্লাহ শারাফাত

১৮ অক্টোবর, ২০১৪৷ বিকেলে ফুটবল ম্যাচ চলছিল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুড়া উচ্চবিদ্যালয় খেলার মাঠে৷ মাইকে খেলার ধারাভাষ্য শুনে অনেকেই কৌতূহলী হয়ে ইতিউতি তাকাচ্ছিলেন৷ এই পাড়াগাঁয়ের ফুটবল ম্যাচে ধারাভাষ্য দিতে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত চলে এসেছেন! তাজ্জব ঘটনা! না৷ চৌধুরী জাফরউল্লাহ শারাফাত নন৷ ওই মাঠে তাঁর অনুকরণে ধারাভাষ্য দিচ্ছিলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামের বাসিন্দা নয়ন চন্দ্র দে। বাবা পরিমল চন্দ্র দে৷ দীর্ঘদিনের চেষ্টা আর চর্চার পর জাফরউল্লাহ শারাফাতের মতো করে ধারাভাষ্য দিতে শিখেছেন তিনি৷ পরিচিতজনেরা নয়নকে ডাকেন জাফরউল্লাহ নামে। শুনে বিচলিত হলেও মনে মনে নয়ন খুশিই হন। বলছিলেন, ‘চৌধুরী জাফরউল্লাহ শারাফাত স্যারের অনুকরণে খেলার মাঠে ধারাভাষ্য দেওয়ার চেষ্টা করি। স্যারের মতো ধারাভাষ্যকার হব—এমন স্বপ্ন আমার। তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা আমার ছোটকাল থেকে।’ জানা গেল, স্কুলছাত্র থাকা অবস্থায় ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ বেতারে জাফরউল্লাহ শারাফাতের ধারাভাষ্য শুনে নয়ন মুগ্ধ হন। এর পর থেকে রেডিও-টেলিভিশনে প্রচারিত প্রতিটি খেলার তাঁর ধারাবিবরণী শুনে আসছেন নয়ন। সেই সঙ্গে খেলাধুলা-সম্পর্কিত নিয়মকানুন নিয়ে পড়াশোনাও করছেন৷ কখনো দিনের বেলায় নিজ বাড়ির বৈঠকঘরের দরজা বন্ধ করে একা একা বসে কাল্পনিকভাবে খেলার ধারাভাষ্য দিয়েছেন। আবার কখনো রাতের বেলায় পুকুরপাড়ে বসে ধারাভাষ্য দিয়েছেন। অনেকে ঠাট্টা-বিদ্রূপ করলেও নয়ন খুব একটা আমলে নেন না। ২০০৫ সালে স্থানীয় দিগদাইড় উচ্চবিদ্যালয় খেলার মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচে মাইকে ধারাবিবরণী দিয়ে নজর কাড়েন। এর পর থেকে আশপাশের বিভিন্ন উপজেলায় ফুটবল, ক্রিকেট খেলা হলেই ধারাভাষ্য দেওয়ার জন্য ডাক আসে নয়নের।
বিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার পাশাপাশি সময় সুযোগ করে বিভিন্ন এলাকায় গিয়ে ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলায় ধারাভাষ্য দিচ্ছেন তিনি।
দিগদাইড় গ্রামের বাসিন্দা আমিনুল আকন্দ বলেন, ‘নয়ন বিভিন্ন এলাকায় খেলার মাঠে গিয়ে ধারাবিবরণী দেন। তাঁর ধারাবিবরণী চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের ধাঁচে হওয়ায় নয়নকে আমরা তাড়াইলের জাফরউল্লাহ নামে ডাকি।’

নয়নের জন্য শুভকামনা
আমার শ্বশুরবাড়ি কিশোরগঞ্জে৷ সে হিসেবে নয়নকে আমার শ্যালক সম্বোধন করতে পারি! শ্যালকের জন্য অনেক শুভকামনা৷ আমার মতো নয়; কষ্ট করলে, নিয়মিত হোমওয়ার্ক করলে ও আমার চেয়েও অনেক বড় ধারাভাষ্যকার হবে৷ তবে একটা কথা বলব, বড় হতে চাইলে কাউকে অনুকরণ না করে নিজের একটা স্বকীয়তা থাকাই ভালো৷ দেশের আনাচকানাচে অনেক ভক্ত আমার মতো ধারাভাষ্য দিতে চেষ্টা করে৷
এটা আমার জীবনের একটা বড় সার্থকতা, স্বীকৃতি, পুরস্কার৷ মাঠেঘাটে এমনকি বাড়ির ছাদে বাচ্চারা ক্রিকেট খেলার সময়ও আমার মতো করে ধারাভাষ্য দেয়, আমি শুনেছি৷ তারা হয়তো জানেও না, ঠিক সেই সময় আমি পাশ দিয়ে যাচ্ছি।