
একজন এই শহরের, আরেকজন ঠিকানা গেড়েছেন সুদূর প্যারিসে। কিন্তু সমান মুগ্ধতাই ছড়ালেন শীলা মোমেন ও শ্রেয়া গুহঠাকুরতা। রবীন্দ্রনাথের কবিতা ও গান নিয়ে ‘আজি এ আনন্দসন্ধ্যা’ শিরোনামে আয়োজিত সংগীত আসরে গান করেন এই দুই গুণী শিল্পী।
১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে রবীন্দ্রসংগীতের সংগঠন রক্তকরবী আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
আসরের শুরুতে রক্তকরবীর শিল্পীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন ‘আজি এ আনন্দসন্ধ্যা’ শিরোনামে রবীন্দ্রসংগীত। তারপর শুরু হয় শীলা মোমেনের গানের পর্ব। ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘অনেক কথা বলেছিলেম’, ‘হৃদয় আমার প্রকাশ হলো’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন তিনি।
দ্বিতীয় পর্বে মঞ্চে আসেন শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। সঙ্গে ছিলেন আবৃত্তিশিল্পী উদয় শংকর দাশ। শ্রেয়া গুহঠাকুরতা ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’ দিয়ে প্রথম পরিবেশনা শুরু করেন। এরপর গেয়ে শোনান, ‘আমি কান পেতে রই’, ‘মরি লো মরি, আমার বাঁশি ডেকেছে’, ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’সহ বেশ কয়েকটি গান।
গানের ফাঁকে রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন উদয় শংকর দাশ।
অনুষ্ঠানে তবলায় ইফতেখার আলম প্রধান, বাঁশিতে মোহাম্মদ সাঈদ হাসান, কিবোর্ডে বিনোদ রায় ও বেহালায় সহযোগিতা করেন আলমাস আলী।