আজিজ বোর্ডিংয়ের দিনগুলো কখনো ভুলব না—জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু বা প্রেমিকার কাছ থেকে চিঠি এসেছে বলে যিনি যমদূতকে ফিরিয়ে দিতে পারেন তিনি জেমস। হারানো প্রিয়াকে তিনি জানিয়ে দেন, পথে দেখা হলে যেন প্রশ্ন না করে, কেমন আছ? হূদয়ের আবেগ নিয়ে এ রকম অসংখ্য গান গেয়ে মানুষের মন কেড়েছেন জেমস। তাই তো আযম খানের পর ভক্তরা গুরুর আসনটি তাঁকেই দিয়েছেন। তার প্রতিটি কথাই যেন গান। ভক্তের জন্য বাণী। পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। বাবা সরকারি চাকরিজীবী হওয়ার কারণে ছোটবেলা থেকে ঘুরে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে। জেমসের মূল বাড়ি নাটোরের বড়হাট্টি গ্রামে। নাটোর স্টেশন নিয়ে তাঁর স্মৃতিচারণমূলক গান রয়েছে টুগেদার অ্যালবামে।চট্টগ্রাম থেকেই মূলত তাঁর সংগীত জীবনের উত্থান পর্ব। শৈশব থেকে পড়া-লেখার প্রতি তিনি যতটা উদাসীন ছিলেন ঠিক ততটাই মনোযোগী ছিলেন গান বাজনার প্রতি। তবে বাবা মোজাম্মেল হক ও মা জাহানারা খাতুন ছেলের এই সংগীত প্রীতিকে খুব একটা প্রশ্রয় দিতেন না। জেমস স্কুল পালিয়ে টিফিনের পয়সা বাঁচিয়ে বসে থাকতেন বিভিন্ন ব্যান্ডের অনুষ্ঠানে। দেখতেন তাদের সংগীত-সাধনা। ফলে একসময় পরিবারের বাইরে গিয়ে তিনি গড়ে তোলেন তাঁর সংগীত-পরিবার। কদমতলীর পাঠানটুলি রোডে মতিয়ার পুলের সেই আজিজ বোর্ডিং এখনো সেই সময়ের সাক্ষী। আজিজ বোর্ডিং এর একটি কামরা হয়ে উঠেছিল তাঁর ঘরবাড়ি। জেমসের মতে, ‘আড্ডা আর গান যাই হোক না কেন সব ওইখানেই। তিনি বলেন, ‘আজিজ বোর্ডিংয়ের দিনগুলো কখনো ভুলব না।’ মাঝে মাঝে আড্ডা হতো স্টেশন রোডেও।’ আজিজ বোর্ডিং এ একটি সৃষ্টির নেশায় কত ঘুমহীন রাত কেটেছে তাঁর। তাই হয়তো তিনি বলতে পারেন, ‘দিন-রাত এখানে থমকে গেছে-কনডেম সেলের পাথর দেয়ালে।’ ১৯৮৭ সালে বের হয় জেমসের প্রথম একক অ্যালবাম অনন্যা। সেই অ্যালবামটি যাঁরা শুনেছেন তাঁরা কিন্তু সেখানে আজকের জেমসকে খুঁজে পাবেন না। সে এক অন্য সুরের ধারা যেন জেমসের কণ্ঠে। ১৯৮৮ সালে আসাদ, ফান্টি ও বুলবুলকে নিয়ে তিনি গড়ে তোলেন ফিলিংস। এই ব্যান্ড দলের সদস্যদের খাওয়া দাওয়া আড্ডা থেকে শুরু করে গান তৈরির সব কারখানা ছিল আজিজ বোর্ডিং। ১৯৮৯ সালে বের হয় ফিলিংস এর প্রথম অ্যালবাম স্টেশন রোড। সেই অ্যালবামের গান ঝরনা থেকে নদী, স্টেশন রোড, আমায় যেতে দাও, রূপ সাগরে ঝলক মারিয়া, সত্যই সুন্দর মানুষের মনে এখনো দাগ কাটে। ফিলিংস-এর ভোকালিস্ট হিসেবে জেমসের নাম ছড়িয়ে পড়ে এরপর থেকে। কয়েকটি ঘরোয়া কনসার্টে পারফর্ম করে আলোড়ন তোলে ফিলিংস। এরপর ঢাকা থেকে ডাক আসতে থাকে জেমসের। বের হয় তাঁদের ডেব্যু অ্যালবাম। ১৯৯৫ সালে বের হয় ফিলিংস-এর দ্বিতীয় অ্যালবাম নগর বাউল। পরে জেমস গড়ে তোলেন ব্যান্ড দল নগর বাউল। সে এক অন্য গল্প। জেমসের সে সময়ের বন্ধু কবি আবু মুসা চৌধুরীর কাছে জানতে চেয়েছিলাম সে সময়কার আড্ডা, গল্প আর গান নিয়ে। তিনি জানালেন, ‘এখনো মাঝে মাঝে জেমসের সঙ্গে কথা হয়।’ মুসার বন্ধু মোহাম্মদ আলী সে সময় সোলেস গিটার বাজাতেন। তিনি একদিন তাঁকে নিয়ে গেলেন জেমসের একটা অনুষ্ঠানে। সে সময় জেমস আগ্রাবাদ হোটেলে গান করতেন। সে হিসেবে জেমসের আড্ডা মাঝে মাঝে আগ্রাবাদ হোটেলেও বসত। আবু মুসা চৌধুরীর কবিতা ‘স্টেশন রোড ও একটি ছিল উচ্ছল নদী’ থেকেও জেমস গান তৈরি করেছিলেন। চট্টগ্রাম নিয়ে স্মৃতিকাতর জেমস বললেন, ‘আমি ভালোবাসি নদী, পাহাড় আর সমুদ্রকে। চট্টগ্রাম ছাড়া আর কোন শহরে প্রকৃতির এমন সমাহার আছে? তাই হয়তো তাঁর গানের ভাবালুতা এখনো আপ্লুত শ্রোতাদের মন।’