আঞ্চলিক পর্ব: উদ্ভাবনের আনন্দ
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব ২০১৫
বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট আঞ্চলিক উৎসব নিয়ে বিশেষ আয়োজন

কয়েক বছর আগে প্রথম আলোর বিজ্ঞান–বিষয়ক ক্রোড়পত্র বিজ্ঞান প্রজন্মের চিঠিপত্র বিভাগে বেশ চিঠি জমা পড়ত। ‘শনি গ্রহের বলয় কী দিয়ে তৈরি?’, ‘তেলাপোকার রক্ত লাল না কেন?’—এমন সব মজার প্রশ্ন পাঠাত দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা। সেই প্রশ্নের ধরন গেল কয়েক বছরে যে বেশ বদলেছে, তা বোঝা গেল সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের বিভিন্ন আঞ্চলিক পর্বে। ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এখন ভাবে, ‘রক্ত পড়া কীভাবে বন্ধ করা যায়’ বা ‘শেওলার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন’সহ আধুনিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে। তাদের চিন্তার অনেকখানি জুড়ে থাকে সমসাময়িক সমস্যার সমাধান।
বিজ্ঞানের মূল রীতিনীতি এবং বিজ্ঞানের কার্যপদ্ধতির ওপর শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব। গত ৯ আগস্ট বগুড়া কনভেনশন সেন্টারে, ১১ আগস্ট ময়মনসিংহের শিল্পকলা একাডেমীতে, ১৩ আগস্ট ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে ও ১৭ আগস্ট সিলেটের কুমারপাডার মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় বিভিন্ন পবের্র আঞ্চলিক জয়োৎসব। চার অঞ্চলে চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয় বিজ্ঞান কুইজ পর্বে। আর সব মিলিয়ে ১৬৮টি প্রকল্প উপস্থাপন করে শিক্ষার্থীরা। লক্ষ্য যেহেতু গুগল সায়েন্স ফেয়ারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা, তাই শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পে দেখা যায় মৌলিক বিজ্ঞান আর ধারণার ছোঁয়া।

ময়মনসিংহের মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তিটনী সরকারের বিজ্ঞান প্রকল্পের নাম ছিল ইনজেকশন অ্যাকুচুয়েটর। আধুনিক ইনজেকশন পদ্ধতি নিয়েই কাজ তার।
তিটনী বলে, ‘সাধারণ বিজ্ঞান প্রকল্প মানেই আমরা আধুনিক শহরের বর্জ্য ব্যবস্থাপনা কিংবা আলু থেকে বিদ্যুৎ উৎপাদন বুঝি। এসব সাধারণ ধারণার বাইরে গিয়ে এবার ইনজেকশন নিয়ে কাজ করেছি আমি। চিকিৎসকেরা অনেক সময় রোগীর শরীরে শিরা খুঁজে পান না। আমার ইনজেকশন অ্যাকুচুয়েটর দিয়ে মানবশরীরের নির্দিষ্ট শিরায় খুব সহজে ওষুধ বা রক্ত দেওয়া বা নেওয়া যায়।’ তিটনীর মতো বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আতিয়া কানিজের প্রকল্প ছিল বায়োপলিমার তৈরি নিয়ে। পরিবেশ উপযোগী পলিমার নিয়েই প্রকল্প ছিল আতিয়ার।
শুধু মৌলিক বিজ্ঞানভিত্তিক প্রকল্প নয়, সাধারণ সমস্যার বৈজ্ঞানিক সমস্যা নিয়েও শিক্ষার্থীদের প্রকল্প দেখা যায়। ফরিদপুরের শিক্ষার্থীরা মাইক্রোকন্ট্রোলার দিয়ে রোবট, রেললাইনের নিরাপত্তার জন্য ডিজিটাল গেট নির্মাণ নিয়ে প্রকল্প হাজির করে জয়োৎসবের মঞ্চে। বগুড়া ও সিলেটের শিক্ষার্থীরা লোনা পানি থেকে বিদ্যুৎ, শহরের বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন চোখ ধাঁধানো প্রকল্প নিয়ে হাজির হয় উৎসবে। আর যাদের প্রকল্প ছিল না, তারা হাজির ছিল কুইজে অংশ নেওয়ার জন্য। কঠিন সব বিজ্ঞানের প্রশ্ন আর জিজ্ঞাসার সহজ উত্তর দিয়ে তারা বাড়িয়ে নেয় নিজেদের বিজ্ঞানের জানাশোনার মাত্রা। পাশাপাশি যোগ দেয় সহজ বিজ্ঞানের নানা পরীক্ষা–নিরীক্ষায়। বিজ্ঞানের সহজ সূত্র প্রয়োগ করে কঠিন কাজ করার কৌশলও রপ্ত করে নেয় তারা।

বিভিন্ন আঞ্চলিক উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্মেরই ইঙ্গিত দেয়। শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল-কলেজের বিজ্ঞান-গণিত শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় বিজ্ঞান জয়োৎসবে। পত্রিকায় বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসানের ভরহীন কণা—ভাইল ফার্মিয়ন খুঁজে পাওয়ার খবর উৎসাহ দেয় শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের। ভবিষ্যতের জাহিদ হাসান এখন হয়তো বিজ্ঞান জয়োৎসবের জন্য বাড়িতে প্রকল্প তৈরি নিয়ে ব্যস্ত। সময় হলেই সে চেনাবে নিজেকে, আর সেই প্রতীক্ষায় আছি আমরা। বিজ্ঞানের মূল আনন্দ আবিষ্কার আর উদ্ভাবনের নেশা সবার মধ্যে ছড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ভবিষ্যতের জাহিদ হাসানদের জন্য থাকল শুভকামনা।