গত ফেব্রুয়ারিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের পর আঞ্চলিক রাজনৈতিক দলের প্রকাশ্য কর্মসূচির ওপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। জেলা আইনশৃঙ্খলা সভায় নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত নয় এমন রাজনৈতিক দলের সভা-সমাবেশের ওপর চলছে এ নিষেধাজ্ঞা। তাই খাগড়াছড়িতে আঞ্চলিক রাজনৈতিক দলের প্রকাশ্য কার্যক্রম একপ্রকার নিষিদ্ধ রয়েছে। তবে ঘরোয়াভাবে দলগুলোর কার্যক্রম অব্যাহত আছে। অপরদিকে জাতীয় রাজনৈতিক দলগুলো নিজেদের ব্যর্থতার কারণে প্রকাশ্যে জোরালো কর্মসূচি নিতে পারেনি।ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে জেলায় সাংগঠনিক কার্যক্রম বাড়াতে চেষ্টা করছে। বর্তমানে সব উপজেলায় তাঁদের সাংগঠনিক সফরের কর্মসূচি চলছে। প্রধান বিরোধীদল বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে জেলার সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। তাঁদের নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত। গত সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহেদুল আলম দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেন। সে কারণে জেলা আওয়ামী লীগ তাঁকে দল থেকে বহিষ্কার করে। জাহেদুল আলমের অনুপস্থিতিতে আওয়ামী লীগ নেতৃত্ব-শূন্য ও সাংগঠনিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে। সমপ্রতি দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি আবার আওয়ামী লীগে যোগ দেন। গত ২০ আগস্ট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁকে পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। অবশ্য বর্ধিত সভায় অনেক নেতা-কর্মী সংসদ নির্বাচনে জাহেদুল আলমের ভূমিকার তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন। জাহেদুল আলমের প্রতি দলের নেতা-কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ থাকলেও দলের সভানেত্রীর নির্দেশের কারণে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা তাকে গ্রহণ করেছেন। জাহেদুল আলম বলেন, দলকে চাঙা করতে ১৪ সেপ্টেম্বর থেকে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে সাংগঠনিক সফর শুরু হয়েছে। এ সাংগঠনিক সফরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হবে। জনগণকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করা হবে। তিনি খাগড়াছড়ি জেলার পরিস্থিতি সার্বিকভাবে ভালো ও সারা দেশের মতো এ জেলার জনগণও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার বলে মন্তব্য করেন। তিনি আর বলেন, যুদ্ধাপরাধীদের বিচার উপলক্ষে যাতে কেউ যাতে শান্তি বিঘ্নিত করতে না পারেন সে জন্য জেলা আওয়ামী লীগ সজাগ রয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপি প্রকাশ্যে দ্বিধাবিভক্ত। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সমীরণ দেওয়ান। অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। সমীরণ দেওয়ান খাগড়াছড়িতে অবস্থান করে কিছু কিছু দলীয় কর্মসূচি বাস্তবায়ন করছেন ও দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে দলকে সুসংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন। অপরদিকে ওয়াদুদ ভূঁইয়া গত চারদলীয় সরকার ক্ষমতা ছাড়ার পর এক-এগারোতে পরিবর্তিত পরিস্থিতিতে গ্রেপ্তার হন। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তিনি ২০ বছরের সাজাপ্রাপ্ত হন। বর্তমানে তিনি উচ্চআদালত থেকে জামিন নিয়ে ঢাকায় অবস্থান করছেন। ঢাকা থেকে তিনি দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।গত বছর ২৫ নভেম্বর খাগড়াছড়ি সদর থেকে ছয়-সাত কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ের পর্যটন এলাকায় ওয়াদুদ ভূঁইয়া বিএনপির জেলা সম্মেলন (কাউন্সিল) করেন। এতে ওয়াদুদ ভূঁইয়ার লোকজন সমীরণ দেওয়ানের লোকজনকে ঢুকতে দেননি। সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়া সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সমীরণ দেওয়ানের সমর্থকেরা সম্মেলনে যোগদান করতে না পারায় তাঁরা একটি পাল্টা কমিটি করেন। এতে সভাপতি নির্বাচিত হন সমীরণ দেওয়ান।এ পর্যন্ত ওয়াদুদ ভূঁইয়া গ্রুপের বিএনপির নেতা-কর্মীদের জেলা কার্যালয়ের সামনে একটি মানববন্ধন ছাড়া আর কোনো কার্যক্রম লক্ষ করা যায়নি। সমীরণ দেওয়ান বলেন, ‘অতীতে নানা ভুল-ভ্রান্তির কথা ভুলে গিয়ে আমরা নতুন উদ্যোগে কাজ করে যাচ্ছি। আমি জেলা বিএনপিকে সংগঠিত করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি। জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক—এটাও আমরা চাই।’ তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন জেলা কমিটি গঠিত হলে দল আরও বেশি শক্তিশালী হবে।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (বিক্ষুব্ধ) অংশের যুগ্ম আহ্বায়ক সুধাসিন্ধু খীসা বলেন, খাগড়াছড়ি জেলার পরিস্থিতি বাহ্যিকভাবে শান্ত। কিন্তু অশান্ত । তিনি এ কথার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘গত ২৩ ফেব্রুয়ারি উভয়পক্ষের হামলার পর এখানে (খাগড়াছড়িতে) গণতান্ত্রিক ব্যবস্থার উপস্থিতি নেই। আমাদের মতামত প্রকাশ করতে পারছি না। কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না প্রশাসন। এখানে প্রশাসন অগণতান্ত্রিকব্যবস্থা দিয়ে গণতান্ত্রিক লেবাস ধারণ করছে।’ তিনি মন্তব্য করেন অগণতান্ত্রিকব্যবস্থায় কখনো গণতান্ত্রিকব্যবস্থার উন্নতি বা বিকাশ ঘটে না। ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলার সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমা বলেন, ‘উচ্চআদালতে পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের পর সংবিধান সংশোধনীর জন্য কমিটি গঠিত হয়েছে। এ কমিটির কাছে আমরা জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামকে একটি পৃথক স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা দাবি জানিয়েছি।’ তিনি অভিযোগ করেন, ‘ইউপিডিএফের গণতান্ত্রিক আন্দোলনকে সরকার পুলিশ ও সেনাবাহিনী দিয়ে বন্ধ করে দিতে চায়। ফেব্রুয়ারির ঘটনার পর প্রশাসন খাগড়াছড়িতে মিছিল ও সভা করতে দিচ্ছে না। প্রশাসন স্বৈরাচারী কায়দায় আমাদের আন্দোলনকে নস্যাৎ করে দিতে চায়।’ তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব উল্লেখ করে বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর লোক দেখানো পার্বত্য চুক্তি বাস্তবায়নে কিছু কমিটি গঠন করেছে, কিছু কমিটি পুনর্গঠন করেছে। কিন্তু মূল বিষয়ে হাত দেয়নি। ভূমি কমিশন আইনে প্রথাগত আইনের স্বীকৃতি দেওয়া হয়নি। ভূমি বিরোধ নিষ্পত্তি না করে ভূমি জরিপের উদ্যোগ নিয়েছে। যা গাড়ির আগে ঘোড়ার পরিবর্তে ঘোড়ার আগে গাড়ি বসানোর মতোই।