আঞ্চলিক সংগঠনে রূপ নিচ্ছে বোকো হারাম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোকো হারামের কয়েকজন সদস্য
বোকো হারামের কয়েকজন সদস্য

গত ২৬ জুলাই গভীর রাতে আকস্মিকভাবে দুই শতাধিক জঙ্গি হানা দেয় ক্যামেরুনের কোলোফাটা শহরে। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এই জঙ্গিরা ফাঁকা গুলি চালাতে চালাতে শহরে ঢোকে। শুরু হয় তাণ্ডব। লুটপাট, খুন আর অপহরণ চলে দেদার। এই জঙ্গিরা ছিল ক্যামেরুনের পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়ার বোকো হারামের সদস্য।
ওই রাতের ভয়ংকর ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা পরে ভয়েজ অব আমেরিকাকে জানান, বোকো হারামের হামলায় তিনজন নিহত হয়। তারা স্থানীয় মেয়রকে ধরে নিয়ে যায়। ওই মেয়র একজন ধর্মীয় নেতাও ছিলেন। শুধু তাঁকেই অপহরণ করেনি; তাঁর পরিবারের পাঁচ সদস্যকেও অপহরণ করেছে তারা।
ক্যামেরুনের এক মুখপাত্র রয়টার্সকে টেলিফোনে জানান, ওই রাতেই কোলোফাটায় দেশটির উপপ্রধানমন্ত্রী আমাদু আলীর বাড়িতে বোকো হারামের জঙ্গিরা হামলা চালায়। তারা বাড়িটি প্রায় ঘণ্টা খানেক অবরোধ করে রাখে। তুলে নিয়ে যায় তাঁর স্ত্রীকে।
নাইজেরিয়া থেকে রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিয়ে পাশের দেশ ক্যামেরুনে ঢুকে বোকো হারামের এ ধরনের সহিংস কর্মকাণ্ড সংশ্লিষ্টদের ভাবনায় ফেলে দিয়েছে। তবে কি সংগঠনটি জাতীয় রূপ ছেড়ে আঞ্চলিক শক্তি হিসেবে কর্মকাণ্ড শুরুর চিন্তাভাবনা করছে?
বোকো হারামের সাম্প্রতিক কর্মকাণ্ডে এমন সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই তারা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর পর থেকে তারা পার্শ্ববর্তী দেশ ক্যামেরুনের উত্তরাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, গত এক সপ্তাহে বোকো হারাম ক্যামেরুনে পৃথক তিনটি হামলা চালিয়েছে। এতে চারজন সেনা, দুজন বেসামরিক ব্যক্তিসহ মোট ছয়জন নিহত হয়। এ অবস্থায় সীমান্তে নিরাপত্তা বাড়াতে ক্যামেরুন অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করেছে।
হিউম্যান রাইটস ওয়াচের হিসাবমতে, নাইজেরিয়ার বোর্নো রাজ্যে গত ছয় মাসে বোকো হারামের শ খানেক হামলায় কমপক্ষে দুই হাজার ৫৩ জন বেসামরিক ব্যক্তি মারা গেছে। অর্থাৎ, সংগঠনটি শুধু নাইজেরিয়াকেন্দ্রিক ছিল। কিন্তু ক্যামেরুনে বোকো হারামের একের পর এক হামলা এই ইঙ্গিতই দিচ্ছে যে সংগঠনটি নিজেদের জাতীয় গণ্ডি পেরিয়ে আঞ্চলিক গণ্ডিতে যেতে আগ্রহী।
পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্লেষকেরা বলছেন, নাইজেরিয়ার অভ্যন্তরীণ সমস্যা থেকে বোকো হারাম ক্রমেই আঞ্চলিক সমস্যায় পরিণত হচ্ছে। এ ক্ষেত্রে সংগঠনটি সম্ভবত আল-কায়েদা সংশ্লিষ্ট ইরাকের সুন্নিপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পদাঙ্ক অনুসরণ করছে। কারণ, আইএস ইরাকে কার্যক্রম শুরু করলেও বর্তমানে ইরাক-সিরিয়া ঘিরে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।
বোকো হারামের মতো ইসলামী জঙ্গিবাদের উত্থান সম্পর্কে পারসপেকটিভ অন টেরোরিজম-এ প্রকাশিত একটি নিবন্ধে বেঞ্জামিন ইভস্লেজ সতর্ক করেছেন। তিনি বলেন, আঞ্চলিক পর্যায়ে কর্মকাণ্ড চালিয়ে সফল হলে একই মতাদর্শী জঙ্গি সংগঠনগুলো আন্তর্জাতিক পর্যায়ে জোটবদ্ধ হয়ে সন্ত্রাসী হামলা চালাতে পারে। তখন বিশ্বের জন্য সেটি বড় হুমকি হয়ে দেখা দেবে।
এই বিশ্লেষক বলেন, বোকো হারাম বেশির ভাগ সময় বেসামরিক লোকজনকে তাদের শিকারে পরিণত করে। সরকার, সরকারি কর্মকর্তা ও স্থাপনাকে তারা হামলার জন্য বেছে নেয়। গত এপ্রিল মাসে বর্নো রাজ্য থেকে ২৭৬ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে গোটা বিশ্বকে স্তম্ভিত করে দেয় বোকো হারামের জঙ্গিরা। দেশের ভেতরে এভাবে সহিংস কর্মকাণ্ড করে তারা সরকারকে উচ্ছেদ করতে চায়। কায়েম করতে চায় শরিয়া আইনভিত্তিক রাষ্ট্র। ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর মিলটা ঠিক এ জায়গাতেই।
বোকো হারাম তাদের কার্যক্রম পার্শ্ববর্তী চাদ, নাইজার ও ক্যামেরুনে কেন বিস্তার করতে চায়, তারও একটি ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞ বেঞ্জামিন ইভস্লেজ। তাঁর মতে, ভৌগোলিক নৈকট্যের পাশাপাশি দেশগুলোর মধ্যে সংস্কৃতিগত মিল আছে। নৃতাত্ত্বিক ও ভাষাগত সাদৃশ্যও আছে এই দেশগুলোর মধ্যে। বোকো হারামের জন্ম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগুরি শহরে। এই এলাকা ঘিরে চাদ, নাইজার ও ক্যামেরুনের সীমান্ত। এটি অবশ্যই তাদের কাঙ্ক্ষিত আঞ্চলিক শক্তি হিসেবে উত্থানের জন্য সহায়ক হবে।
চার দেশের মধ্যে এসব সাদৃশ্যের কারণে কে সাধারণ নাগরিক আর কে বোকো হারামের, তা বুঝতে পারা কঠিন হয়ে পড়ছে। ক্যামেরুনের তথ্যমন্ত্রী ইসা তাকিরোমা যেমনটা বলছিলেন, কেউ জানে না বোকো হারাম কে। শত্রুরা এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। আর তারা কখন হামলা করবে, এটাও কেউ জানে না। পুরো বিষয়টিকে অপ্রতিসম লড়াই বলে মন্তব্য করেন তিনি।