সম্মেলনের এক বছর পার হলেও কক্সবাজারের মহেশখালী উপজেলার আট ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন মেলেনি। এ নিয়ে উপজেলা কমিটির নেতাদের কাছে বারবার ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না। ফলে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপে জানা যায়, ১০ বছর পর ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এর আগেই ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করার জন্য উপজেলার আওয়ামী লীগের নেতারা সিদ্ধান্ত নেন। এরপর শান্তিপূর্ণভাবে মাতারবাড়ি, ধলঘাট, শাপলাপুর, বড় মহেশখালী, কুতুবজোম, কালারমারছড়া, হোয়ানক ও ছোট মহেশখালী ইউনিয়নে সম্মেলন শেষ হয়। সর্বশেষ জেলা পরিষদের সম্মেলনকক্ষে কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয় ১৬ ফেব্রুয়ারি। এরপর ৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য উপজেলা কমিটির কাছে জমা দেন। এদিকে উপজেলা কমিটির সম্মেলনও আর হয়নি।
কালারমারছড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জহিরুল আলম বলেন, উপজেলার সম্মেলন হলেই বর্তমান কমিটির লোকজন আর দায়িত্ব পাবেন না। এটা জানার পর তাঁরা উপজেলা সম্মেলন না করার জন্য ইউনিয়ন কমিটির অনুমোদন দিচ্ছেন না। বিষয়টি ইতিমধ্যে কয়েকটি সভায় উত্থাপন করেও কোনো কাজ হয়নি।
মাতারবাড়ি ইউনিয়ন কমিটির সভাপতি জি এম ছমি উদ্দিন বলেন, কমিটি অনুমোদন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে মাঠপর্যায়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান বলেন, সামনে বর্ধিত সভায় ইউনিয়ন কমিটির অনুমোদনের বিষয়ে আলোচনা করা হবে। তারপর ওই সব ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হবে ।