আট গ্রামের মানুষের দাবি একটি সেতু
ফটিকছড়ি উপজেলার বুক চিরে বয়ে যাওয়া ধুরুং খালের দক্ষিণ দৌলতপুর-রোসাংগিরী অংশে সেতু চায় আট গ্রামের ৫০ হাজার মানুষ। সেতুর অভাবে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে। জানা যায়, উত্তর রোসাংগিরী, দক্ষিণ দৌলতপুর, বোর্ড স্কুল, বাবুনগর, ইমামনগর, দমদমা, আজিমনগর, মাইজভান্ডারসহ আটটি গ্রামের লোকজন এ খালের ওপর নড়বড়ে সাঁকো পেরিয়ে বিদ্যালয়, কলেজ, হাট-বাজার ও শহরে যাতায়াত করেন। বিশেষ করে আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমানিয়া উচ্চবিদ্যালয়, বাবুনগর মাদ্রাসা, ওবাইদিয়া মাদ্রাসা, নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ওই ধুরুং খালের নড়বড়ে সাঁকো পেরিয়ে যাতায়াত করছে। অথচ স্থানীয়, উপজেলা ও সংসদ নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সেখানে সাঁকোর বদলে সেতু নির্মাণের কথা বলে ভোট আদায় করেন। কিন্তু নির্বাচন শেষে কেউই প্রতিশ্রুতি পালন করেন না। এ অবস্থা স্বাধীনতা-উত্তর ৩৯ বছর ধরে।দৌলতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. খোরশেদুল আলম জানান, এ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ বলেন, এসব বিদ্যালয়সংলগ্ন খালের ওপর নড়বড়ে সাঁকো দিয়ে শিক্ষার্থীরা পারাপার হতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় দৌলতপুর অংশের অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে চায় না। বিকল্প হিসেবে মাইজভান্ডার-দরবার সড়ক দিয়ে যাতায়াতের সময় অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় পড়ে। ফলে, এখানে সেতু খুবই প্রয়োজন।আহমদিয়া রহমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন বলেন, সহস্রাধিক শিক্ষার্থীর দুঃখ-দুর্দশা লাঘবে এখানে সেতুর আবশ্যকতা জানিয়ে সংশ্লিষ্ট লোকজনের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।স্থানীয় কৃষক মো. আবুল ফয়েজ বলেন, এখানে একটি সেতু হলে দৌলতপুর ইউনিয়নের উৎপাদিত ফলমুল ও সবজি রোসাংগিরী, নানুপুর, বক্তপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে সহজে বিক্রি করা যেত।রোসাংগিরী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম তালুকদার বলেন, সেতুর জন্য উপজেলার বিভিন্ন সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত আকারে জানানো হয়েছে। আশা করছি, তাঁরা খুব শিগগির এখানে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অর্থ বরাদ্দের কারণে সেতুটি করা যাচ্ছে না। আগামী অর্থবছরে সেতুটি নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রকল্প প্রাক্কলন পাঠানো হবে।