
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের দুর্গম আট গ্রামের দুই শয়েরও বেশি শিশু প্রতিদিন ছয় কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যায়। এসব শিক্ষার্থীর দিনের বেশির ভাগ সময়ই ব্যয় হয় বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে। শিশুদের কষ্ট দূর করতে ওই এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে গ্রামবাসী।
খিরাম গ্রামের রিজার্ভপাড়া এলাকার চতুর্থ শ্রেণির ছাত্র তপু চাকমা সকাল সাতটায় ঘর থেকে বের হয় বিদ্যালয়ের উদ্দেশে। দুই ঘণ্টা টানা পাহাড়ি পথ হেঁটে ছয় কিলোমিটার দূরে খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তপু পৌঁছায় নয়টায়। আবার বিকেল চারটায় বিদ্যালয় ছুটি হলে ঘরে ফিরতে ফিরতে বেজে যায় সন্ধ্যা ছয়টা।
এভাবে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যায় উপজেলার খিরাম গ্রামের আশপাশের বড়ইতলী, মগকাটা, বিলাইছড়ি, বেতুয়াছড়ি, গাছবুনিয়া, লামাছড়ি ও টিলাপাড়া এলাকার শিশুরা। এসব পাড়ায় কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। অথচ পাড়াগুলোর ২২৫ জন শিশু প্রাথমিক বিদ্যালয়ে যায়। এদের সবাই পড়ে খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই সব শিক্ষার্থীকে তপুর মতোই দীর্ঘ সময় হেঁটে বিদ্যালয়ে যেতে হয়।
উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে নানুপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল খিরাম গ্রামের অবস্থান। তার আরও ছয় কিলোমিটার দূরে রিজার্ভপাড়াসহ অন্যান্য পাড়া। সম্প্রতি সেখানে গেলে কথা হয় ত্রিপন চাকমা, মেখলিন চাকমা, প্রমিস চাকমা, অর্পণ চাকমাসহ কয়েকজন শিশুর সঙ্গে। বিকেল চারটায় বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল তারা। শিশুরা জানায়, তাদের বিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সময়সূচি ভিন্ন হলেও একসঙ্গে বিদ্যালয়ে যায় এবং একসঙ্গে তারা বাড়িতে ফিরে আসে।
পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এলিন চাকমা জানায়, তার ক্লাস শুরু হয় দুপুর ১২টায়। কিন্তু গ্রামের অন্য শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে যেতে হয় বলে সকালে রওনা দিতে হয়। বাড়ি ফিরে ভীষণ ক্লান্তি লাগে তার। দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে যাতায়াতের পর রাতে আর পড়ালেখা করার মতো শক্তি থাকে না। তার সহপাঠীদের বক্তব্যও একই।
মগকাটা পাড়ায় গেলে কথা হয় বাসিন্দা পরিমল চাকমা (৫০), কুজেন্দ্র চাকমা (৩৫) ও বাসন্তী চাকমার (৫৫) সঙ্গে। তাঁরা জানান, দুর্গম গ্রামের এসব পাড়ায় দুই শ পরিবারের বসবাস। এসব পাড়ার শিশুদের পড়াশোনার জন্য কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ১৯৯৫ সালে মগকাটায় একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হলেও সেখানে কোনো শিক্ষক না যাওয়ায় বিদ্যালয়টি পরে বন্ধ হয়ে যায়।
খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, এসব পাড়া থেকে দুই শয়েরও বেশি শিক্ষার্থী খুব কষ্ট করে হেঁটে বিদ্যালয়ে আসে। বহু দূর থেকে শিশুরা বিদ্যালয়ে যাতায়াত করে। এ কারণে প্রায় সারা দিনই ব্যয় হয় বিদ্যালয়ের পেছনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘নানুপুর ইউনিয়নের আটটি গ্রামে বিদ্যালয় না থাকার বিষয়টি জানতাম না। শিশুদের এই কষ্ট দূর করার চেষ্টা থাকবে আমাদের। সরকারের চলমান বিদ্যালয়হীন গ্রামে বিদ্যালয় স্থাপন-প্রকল্পের আওতায় সেখানে একটি বিদ্যালয় করা যায় তা খতিয়ে দেখব।’