রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহিংস ঘটনার আট দিন পর পাল্টাপাল্টি মামলা করেছেন আদিবাসী-বাঙালিরা। ২১ ডিসেম্বর রাতে এ দুটি মামলা হয়। থানা সূত্রে জানা গেছে, আবদুস সাত্তারের বাবা ইদ্রিস আলী উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ১০ আদিবাসীর নাম উল্লেখ করে বাঘাইছড়ি থানায় মামলা করেন। অপরদিকে, আবদুস সাত্তারের লাশ উদ্ধারের জের ধরে বাঘাইছড়িতে সহিংস ঘটনায় আহত শান্তি চাকমা ২৮ জন বাঙালির নাম উল্লেখ করে আরেকটি মামলা করেন। এ প্রসঙ্গে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান বিশ্বাস বলেন, ‘গত বুধবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। এজাহারে নাম দিলে ধরা হবে এমন কোনো কথা নয়। তদন্ত করে প্রকৃত আসামিদের ধরা হবে।’ উল্লেখ্য, ১৪ ডিসেম্বর উপজেলার রুপকারী ইউনিয়নের ভক্তপাড়া গ্রামে মোটরসাইকেলের চালক আবদুস সাত্তারের লাশ উদ্ধারের পর বাঙালিরা উত্তেজিত হয়ে আদিবাসীদের ওপর হামলা চালান। এতে ১৫ জন আদিবাসী আহত হন। এর জের ধরে দীঘিনালা উপজেলায়ও সহিংসতায় এক আদিবাসী নারী নিহত হন।