আট দিনেও খোঁজ মেলেনি টেকনাফের নিখোঁজ যুবলীগ নেতার
নিখোঁজ হওয়ার আট দিন পরও সন্ধান মেলেনি কক্সবাজারের টেকনাফ উপজেলার যুবলীগ নেতা মোস্তাক আহমেদের। টেকনাফ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের বড় ছেলে। পরিবারের দাবি, তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন। তবে পুলিশ বলছে, নিখোঁজ মোস্তাককে তাঁরা আটক করেনি।
১১ আগস্ট রাতে নিজ বাড়ির সামনে থেকে মোস্তাককে কয়েকজন লোক অস্ত্রের মুখে অপহরণ করে বলে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেন। তাঁরা জানান, অপহরণকারীরা মোস্তাককে গাড়িতে তুলে নিয়ে কক্সবাজারের দিকে চলে যায়।
এ ঘটনার পরদিন ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করেন। জাফর আহমদ বলেন, তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। ছেলের খোঁজে বিভিন্ন দপ্তরে গিয়ে ধরনা দিয়েছেন তিনি। তবে কেউ কোনো খোঁজ দিতে পারেনি। মোস্তাকের মা আমেনা খাতুনের দাবি, তাঁর ছেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। তিনি বলেন, ‘দেশের কোনো থানায় আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। সে কোনো অপরাধের সঙ্গেও জড়িত নয়।’
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, গত বুধবার রাতে মোস্তাকের বাবা জাফর আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে পুলিশ তাঁকে আটক করেনি। তাঁর সন্ধান পাওয়ার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।