আট দেশের সংস্কৃতি নিয়ে 'সাউ ফেস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউ ফেস্টে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: লেখক
সাউ ফেস্টে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: লেখক

ছেলেদের মাথায় ঐতিহ্যবাহী পাগড়ি আর গায়ে দারুয়া নামের বিশেষ পোশাক। মেয়েরা পরেছে লাল জামা আর গলায় কারুকাজ করা মালা। পাহাড়ি সুর বাজছে। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছেন একদল নেপালি শিক্ষার্থী। এরপর মঞ্চে ডাক পড়ে বাংলাদেশিদের। বেজে ওঠে বিয়ের গান, ‘লীলাবালি লীলাবালি...’। মঞ্চেই ছোট পরিসরে একটা বিয়ে হয়ে গেল! বর বসেছেন রুমাল মুখে দিয়ে, ওদিকে লুঙ্গি পরে ঘটক মশাই হাজির ছাতা হাতে। কিছুক্ষণ পর গান গাইতে মঞ্চ দখল করবে ভুটানিরা। তখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সাজঘরে...

এ যেন নানা দেশের সংস্কৃতির মিলনমেলা। নয়াদিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সার্কভুক্ত আটটি দেশের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। গত সপ্তাহে সেখানে অনুষ্ঠিত হলো বার্ষিক উৎসব। টানা চার দিনব্যাপী চলে এ আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা সবাই নিজেদের দেশের ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করেছেন। সেরাদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা।

দিনের বেলা চলে জমজমাট খেলাধুলা, সন্ধ্যা নামলেই জ্বলে ওঠে রংবেরঙের বাতি। রঙিন আলোয় আলোকিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান—গান, কবিতা আর নাচ। রাতে ছিল দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন। সেখানে বাংলা চলচ্চিত্র নিয়ে হাজির সত্যজিতের গোপী গাইন বাঘা বাইন। ভুটানের শিক্ষার্থী রোজীর দেখা প্রথম বাংলা চলচ্চিত্র ছিল এটাই। তাই সিনেমা শেষে তিনিও গাওয়া শুরু করলেন সংগীত অন্তঃপ্রাণ গোপী আর বাঘার মতো।

খেলাধুলার পর্বগুলোর মধ্যে ছিল দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের ঐতিহ্য আর জীবনযাত্রাকে ফুটিয়ে তোলার চেষ্টা। ছিল সাপলুডু, রশি টানাটানি, কারাতের মতো খেলাগুলো। তবে প্রতিযোগিতাই এখানে মুখ্য নয়। জানালেন উৎসবের অন্যতম আয়োজক ও সাউ হোস্টেল কমিটির সভাপতি শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে প্রতিযোগিতার চেয়ে বড় হলো বন্ধুত্ব।’

তারই প্রতিফলন দেখা গেছে সবখানে। এই যেমন পাকিস্তানের এক শিক্ষার্থীকে দড়ি খেলা শেখাচ্ছিলেন প্রতিযোগী অন্য দেশের আরেক শিক্ষার্থী। উৎসবের উদ্বোধনেও সে কথা বলেছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট কবিতা শর্মা। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়া আমাদের একটা পরিচয়।’ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোর সংস্কৃতি আর ঐতিহ্য অনেকটা একই রকম বলে মনে করেন তিনি।

উৎসবের তৃতীয় দিন বসেছিল গানের আসর। দক্ষিণ এশিয়ার প্রায় সাতটি ভাষার গান গাওয়া হয় সেখানে। উৎসবে বাংলাদেশের ‘আমার যমুনার জল দেখতে কালো’ কিংবা ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’র মতো লোকগান গেয়ে দর্শক মাতান বাংলাদেশের এনায়েত, আবিদ আর নাইমরা। অনুষ্ঠানের পর্দা নামে। কিন্তু আমেজ থেকে যায়। তাই সব শেষে ভুটানি শিক্ষার্থী রোজীর মুখে শোনা যায় বাংলা গানের সুর। বাংলাদেশি শিক্ষার্থীদের মাথায় চোখে পড়ে নেপালি টুপি। দেখে মনে পড়ে যায় আয়োজকদের বক্তব্য, ‘...এখানে বন্ধুত্বটাই বড়।’