আট পেরিয়ে তারুণ্যের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে গান পরিবেশন করেন শ্রেয়সী রায়
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে গান পরিবেশন করেন শ্রেয়সী রায়

আলোর ঝলকানি দিয়ে আকাশে উঠে গেল নয়টি ফানুস। একেকটি একেক বছরের প্রতীক। উপস্থিত দর্শকেরা জানালেন শুভকামনা। আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস আট বছর পেরিয়ে নবম বর্ষে পা রেখেছে। এই উপলক্ষে ৮ ও ৯ মার্চ শিল্পকলায় বসেছিল আনন্দ আয়োজন। ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবকে রঙিন করে তুলেছিল আড্ডা, কথামালা, গান ও কবিতা।
৮ মার্চ আনন্দযজ্ঞের প্রথম দিনের কর্মসূচি শুরু হয় বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বের হওয়া জন্মদিনের শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এরপর সন্ধ্যায় শিল্পকলার মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বালন করে দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন লেখিকা রমা চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান, কবি রাশেদ রউফ ও সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত।
কথামালার আয়োজন শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। কয়েক ঘণ্টার এই আসরে মনে রাখার মতো বেশ কিছু পরিবেশনা ছিল। এর মধ্যে শ্রেয়সী রায়ের গাওয়া ‘যদি তারে নাই চিনি গো’, ‘প্রাণ চাই চক্ষু না চাই’ এবং ‘ও আমার দেশের মাটি’ শিরোনামের গানগুলো দর্শক–শ্রোতারা শুনেছেন মুগ্ধ হয়ে। দর্শকদের ভালো লেগেছে মাশকুর আহমেদ সাত্তারের আবৃত্তি।
এর আগে আল তুষির গাওয়া ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’ গানটির মাধ্যমে শুরু হয় আসর। অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগীতা দেবী, শ্রাবণী দাশগুপ্তা ও সাইদুর রহমান। গান পরিবেশন করেন বৈশাখী নাথ ও রুবেল চৌধুরী।
৯ মার্চ বিকেল পাঁচটায় সজল দাশ ও তাঁর দলের ঢোলবাদনের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের আয়োজন। অনুষ্ঠান উপলক্ষে লেখক, কবি, নাট্যব্যক্তিত্ব ও আবৃত্তিশিল্পীদের নিয়ে আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় যোগ দেওয়া অতিথিরা শুভেচ্ছা জানান তরুণ্যের উচ্ছ্বাসকে। ফাঁকে ফাঁকে চলতে থাকে আবৃত্তি ও গান। আসরে আবৃত্তি করেন আয়েশা হক, আবু নাসের ও শুভ্রা বিশ্বাস। গান গেয়ে শোনান নাজমুল আবেদীন, শাহরিয়ার খালেদ, সেঁজুতি দে, আনিকা চৌধুরী, বৈশাখী নাথ ও রুবেল চৌধুরী। এরপর ছিল কেক কাটা ও ফানুস উড়ানোর আয়োজন। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত দর্শক–শ্রোতা ও অতিথি সমাবেত কণ্ঠে গাইলেন ‘আমি বাংলায় গান গাই’ গানটি।