কক্সবাজারের রামু উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২১ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১৬ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদুল হক চৌধুরীর মৃত্যু হলে আসনটি শূন্য হয়।
মনোনয়নপত্র দাখিল করা আট প্রার্থী হলেন আহমেদুল হক চৌধুরীর স্ত্রী আনোয়ারা বেগম চৌধুরী, তাঁর ছেলে মেরাজ আহমেদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান জফরুল্লাহ মোহাম্মদ হাসান, উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ, সাবেক ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজুল আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল কবির ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান এর সত্যতা নিশ্চিত করেন। তফসিল অনুযায়ী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের কথা রয়েছে।
ভোটাররা বলেন, ইতিমধ্যে প্রার্থীরা মাঠে নেমে জনসংযোগ শুরু করে দিয়েছেন।
অনেকে দান–খয়রাত বাড়িয়ে দিয়েছেন। প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়ে যাওয়ায় ভোটারদের কদর বাড়ছে। তবে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে নামায় অন্য দলের প্রার্থীরা সুবিধায় রয়েছেন।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের রয়েছেন পাঁচজন।
উল্লেখ্য, এই উপজেলার ১১টি ইউনিয়নের ভোটার সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৮০১। ভোটকেন্দ্র ৫০টি।