আট বছর অব্যবহূত পড়ে আছে এক্স-রে মেশিন
কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অত্যাধুনিক এক্স-রে যন্ত্র স্থাপনের আট বছর পরও অব্যবহূত অবস্থায় পড়ে আছে। বিদ্যুতের অভাবে এক্স-রে যন্ত্রটি চালু করা যাচ্ছে না বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবহার না হওয়ায় যন্ত্রটি এখন চালু করা যাবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে যন্ত্র না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালে আসা রোগীরা। এক্স-রে করাতে যেতে হচ্ছে দোভাষী বাজার কিংবা চট্টগ্রামের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে। এতে চিকিৎসা-খরচ বাড়ছে বলে রোগীরা অভিযোগ করেছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপ দেওয়ান এক্স-রে যন্ত্রটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘২০০৪ সালে ৩০০ এমএম ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক এক্স-রে যন্ত্র কাপ্তাই পাঠানো হয়। বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ রকম উন্নত মানের এক্স-রে যন্ত্র নেই। এক্স-রে যন্ত্র বসানোর জন্য শীতাতপনিয়ন্ত্রিত কক্ষও নির্মাণ করা হয়। কিন্তু বিদ্যুতের অভাবে যন্ত্র আর চালু করা যায়নি।’সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, দীর্ঘ কয়েক বছর ব্যবহার না করায় মূল্যবান এক্স-রে যন্ত্রের বিভিন্ন জায়গায় মরিচা পড়ে গেছে। অব্যবহূত অবস্থায় পড়ে আছে ডার্করুম। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে জাল বিস্তার করেছে মাকড়সা। স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত চার বছরে ওই এক্স-রে কক্ষের তালা একবারের জন্যও খোলা হয়নি। আবাসিক চিকিৎসক মো. মাসুদ আলম বলেন, ‘চিকিৎসার স্বার্থে অনেক রোগীর এক্স-রে করার প্রয়োজন হয়। তাঁদের আমরা স্থানীয় দোভাষী বাজার কিংবা চট্টগ্রাম থেকে নিজ খরচে এক্স-রে করার পরামর্শ দিই। পরামর্শ অনুযায়ী কেউ কেউ এক্স-রে করে রিপোর্ট এনে দেখান, আবার কেউ কেউ আর্থিক সমস্যার কারণে এক্স-রে করতে পারেন না। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া সম্ভব হয় না।’স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা বিলকিছ আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাপ্তাইয়ে উৎপাদিত বিদ্যুৎ সারা দেশে সরবরাহ হচ্ছে আর বিদ্যুতের অভাবে স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র চালু করা যাচ্ছে না, এটা অবিশ্বাস্য।’স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট ও রেডিওগ্রাফার আসাদুজ্জামান বলেন, এক্স-রে যন্ত্র চালানোর জন্য ১০০ ভোল্টের বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র বর্তমানে সঞ্চালিত হচ্ছে ১০ ভোল্টের বিদ্যুৎ। কম ভোল্টেজের কারণে এক্স-রে মেশিন চালানো যাচ্ছে না ।এ ব্যাপারে ৭ জুলাই কথা হয় রাঙামাটি জেলার সহকারী সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘অচিরেই প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এক্স-রে যন্ত্রটি চালু করা হবে।’ রাঙামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এরফান শরীফ বলেন, ‘জেলা পরিষদ, ইউএনডিপি এবং উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদল সম্প্রতি কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছে। ওই প্রতিনিধিদলের প্রতিবেদন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। এক্স-রে যন্ত্রের সমস্যাসহ হাসপাতালের সব সমস্যাই সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, ‘কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে এক্স-রে যন্ত্র সচল করার ব্যবস্থা নেওয়া হবে।’