আট বছর ধরে সম্মেলন (কাউন্সিল) হয় না বান্দরবান জেলা আওয়ামী লীগের। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আছে হতাশা। আর আছে জেলা পরিষদের ক্ষমতা বণ্টন নিয়ে দ্বন্দ্ব। স্থানীয় লোকজন জানান, আট বছর ধরে কাউন্সিল না হওয়ায় স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। এ ফাঁকে মাথাচাড়া দিয়ে উঠছে কোন্দল। দ্রুত সম্মেলন করে নতুন কমিটি না হলে কোন্দল তৃণমূল পর্যায় পর্যন্ত স্থায়ী রূপ নিতে পারে বলে মন্তব্য করেন নেতা-কর্মীরা। অবশ্য আওয়ামী লীগের শীর্ষনেতারা দলে কোনো বিভক্তি নেই উল্লেখ করে বলেন, ‘কোন্দলের কথা যাঁরা বলেছেন তাঁরাই কোন্দল পাকানোর চেষ্টা করছেন।’জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, ‘আওয়ামী লীগ বড় দল, সে হিসেবে নানা বিষয় নিয়ে কারও মধ্যে মান অভিমান থাকতে পারে। কিন্তু দলে কোনো কোন্দল নেই।’ সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে দলে কোন্দলের সৃষ্টি হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমাকে চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমানসহ আরও চারজনকে সদস্য করে জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছিল। কিন্তু জেলা পরিষদের দপ্তর বণ্টন নিয়ে তিনজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। পরিষদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা শিক্ষা, স্বাস্থ্যসহ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর চেয়ারম্যান নিজের আওতায় রেখে অন্য দপ্তরগুলো গুরুত্ব ও সদস্যদের ক্রমানুসারে বণ্টন করে দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু চেয়ারম্যান ক্যশৈহ্লা ও সদস্য কাজী মুজিব তাঁর প্রস্তাবের বিরোধিতা করেন। অভিযোগ রয়েছে, ক্যশৈহ্লা ও কাজী মুজিব নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো ভাগাভাগি করে নিয়ে নিজেদের মতো করে কাজ করতে থাকেন। দলে প্রচার রয়েছে দ্বন্দ্বের কারণে গত ১৯ মে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা পদত্যাগ করেন। এ প্রসঙ্গে প্রসন্ন কান্তি বলেন, ‘দ্বন্দ্বের কারণে নয় শারীরিক অসক্ষমতার কথা বিবেচনা করে আমি পদত্যাগ করেছি।’জেলা পরিষদ পুনর্গঠনে স্মারকলিপি: আওয়ামী লীগের আদিবাসী নেতা-কর্মীরা গত ২১ মে সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে অভিযোগ করা হয় ‘কতিপয় ব্যক্তি জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে দলীয় কোন্দল সৃষ্টিতে কাজে লাগাচ্ছেন।’ এ ছাড়া জেলা পরিষদে খাদ্যশস্য নিয়ে দুর্নীতি, বিধিবহির্ভূতভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অভিযোগের বর্ণনা ছিল স্মারকলিপিতে। জেলা পরিষদ পুনর্গঠন ও জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানেরও দাবি জানানো হয়। এ ব্যাপারে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলেক কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমরা স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। এ জন্য দলের স্বার্থে কিছু একটা করার চিন্তা করছি আমরা।’কাউন্সিল কেন হচ্ছে না: জানা যায়, ছয় মাস আগে আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমানকে প্রধান করে আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট লোকজন জানান, প্রস্তুতি থাকা সত্ত্বেও সম্মেলন হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, ‘২০০২ সালের পর থেকে সম্মেলন না হওয়ায় অনেক নেতা বিশেষ করে শীর্ষ পর্যায়ের নেতারা অনেকে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছেন। জেলা পরিষদে সদস্য পদ পেয়ে তাঁরা আরও বেশি বেপরোয়া হয়ে পড়েছেন। আর এর প্রভাব পড়ছে দলীয় কার্যক্রমে।’এ ব্যাপারে শফিকুর রহমান জানান, সম্মেলন অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে তাঁরা কয়েক দফা যোগাযোগ করেছেন। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও নেতাদের সময় না পাওয়ায় সম্মেলন হচ্ছে না। তবে ও আগামী মাসে সম্মেলন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে বলে জানান শফিকুর রহমান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান জানান, ‘জেলা পরিষদকে ঘিরে কিংবা অন্য কোনো বিষয় নিয়ে দলে কোন্দল নেই। কেন্দ্র থেকে যখনই নির্দেশনা আসবে তখনই জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে এবং জেলা সম্মেলনের পরে উপজেলা সম্মেলন করা হবে। জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে দলীয় কোন্দল সৃষ্টির কাজে ব্যবহারের ব্যাপারে সংসদ সদস্যকে স্মারকলিপি দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই বলে উল্লেখ করেন কাজী মুজিব।