
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের বাঘাইছড়ি মুখ-গোবিন্দপাড়া সড়ক সর্বশেষ সংস্কার হয় ২০০৮ সালে। সাড়ে ছয় কিলোমিটারের সড়কটির এক কিলোমিটারে পিচঢালাই করা হয়। এরপর আট বছরেও আর হাত পড়েনি। দিনে দিনে খানাখন্দ বেড়ে এখন চলাচলই দায় হয়ে পড়েছে।
বাবুছড়ার চিনালছড়া, ভেতর বানছড়া, গোবিন্দপাড়া ও বাঘাইছড়ি মুখ গ্রামের এক হাজার পরিবারের নিয়মিত যাতায়াত এই সড়ক দিয়ে। চলাচল করে ইজিবাইক (ব্যাটারিচালিত গাড়ি)। এ ছাড়া ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে যাওয়ারও এ সড়কটি ছাড়া আর কোনো বিকল্প নেই।
বিজিবি সূত্র জানায়, সড়ক সংস্কারে বিজিবির পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চিঠি দেওয়া হয়েছে। তবে এলজিইডির প্রধান কার্যালয় থেকে অনুমোদন ও বরাদ্দ না পাওয়ায় সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি।
এলজিইডির উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা জানান, সড়কের এক কিলোমিটার পিচঢালাই, তিন কিলোমিটার ইট বিছানো ও বাকি আড়াই কিলোমিটার কাঁচা। পুরো সড়ক সংস্কারের জন্য ৪৬ লাখ টাকা বরাদ্দ চেয়ে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ে পাঠানো হলেও অনুমোদন পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের সংস্কার করা এক কিলোমিটার অংশেও পিচ ঢালাইয়ের কোনো চিহ্নই নেই। খানাখন্দে ভরে গেছে। ইট বিছানো অংশেও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
সড়কে নিয়মিত চলাচলকারী ইজিবাইকের চালক বিনয় জ্যোতি চাকমা ও মুরতি চাকমা জানান, সড়কে খানাখন্দ বেড়ে যাওয়ায় গাড়ি চালাতে কষ্ট হয়। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়ে।
চিনালছড়া গ্রামের সুভাষ চাকমা ও ভেতর বানছড়া নমিতা চাকমা জানান, তাঁদের গ্রাম থেকে বাবুছড়া বাজারে আসা ও উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এখন যে অবস্থা যেকোনো সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া সড়কের কাঁচা অংশটুকু ইট বিছানো জরুরি হয়ে পড়েছে।
বাবুছড়া ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কামাল আহমেদ বলেন, ‘সড়কটি দিন দিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কটি সংস্কারে এলজিইডি দপ্তরে চিঠি দিয়েছিলাম। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জিকো দেওয়ান বলেন, সড়কটি সংস্কার করার জন্য ৪৬ লাখ টাকা বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু বরাদ্দ পাওয়া যায়নি। তাই সড়ক সংস্কার করা সম্ভব হয়নি। এখন আবার বরাদ্দ অনুমোদন চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হবে।