আট বছর ধরে সহকারী কমিশনার (ভূমি) নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘ আট বছর ধরে শূন্য। ২০০৪ সালে ভূমি রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মজুমদার বদলি হওয়ার পর থেকে নতুন কোনো কর্মকর্তা এখানে নিয়োগ দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) হিসেবে এ দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, খাগড়াছড়ির আটটি উপজেলার মধ্যে দীঘিনালায় ভূমি বিরোধ সবচেয়ে বেশি। সহকারী কমিশনার (ভূমি) না থাকার সুযোগে একটি চক্র নামজারিসহ ভূমি কার্যালয়ে নানা জালিয়াতির আশ্রয় নিচ্ছে। গত বছর ধরা পড়ে জাল সই সংবলিত ১০টি নামজারি (ভূমি মালিকানা হস্তান্তর মালিকানা স্বত্ব) মামলার ঘটনা। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বপ্রাপ্ত দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম বলেন, ‘আমাকে প্রশাসনিক দায়িত্ব পালন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং জেলা সদরে বিভিন্ন সভায় যোগ দেওয়াসহ নানা কাজে ব্যস্ত থাকতে হয়। তার ওপর ভূমি কার্যালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।’