আট বছর পর আবার ক্রিকেট এমএ আজিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএ আজিজ স্টেডিয়ামে চলছে মাঠ  পরিচর্যার কাজ। ছবিটি গত মঙ্গলবার তোলা   সৌরভ দাশ
এমএ আজিজ স্টেডিয়ামে চলছে মাঠ পরিচর্যার কাজ। ছবিটি গত মঙ্গলবার তোলা সৌরভ দাশ

দীর্ঘ আট বছর পর আবার কোনো টেস্ট দল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে নামছে। আন্তর্জাতিক ম্যাচ নয়, একটি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। এই মাঠের দীর্ঘদিনের বন্ধ্যাত্ব ঘুচছে নিউজিল্যান্ডকে দিয়ে। এ নিয়ে স্টেডিয়ামের পরিচালনার দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তাদের খুশির সীমা নেই।
আগামী ১ অক্টোবর নিউজিল্যান্ড ঢাকা হয়ে চট্টগ্রামে পা রাখবে। দুটি টেস্ট ম্যাচ ও চারটি একদিনের ম্যাচে অংশ নেবে তারা। প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। এর আগে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হবে অনুশীলন ম্যাচ।
অনুশীলন ম্যাচ নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে সিজেকেএস। বহু খেলার জন্য ব্যবহূত চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম এত দিন আন্তর্জাতিক ক্রিকেট-বিবর্জিত ছিল। কেবল স্থানীয় লিগ অনুষ্ঠিত হতো। মাঝখানে অবশ্য ইংল্যান্ড ‘এ’ দলের একটি ম্যাচ এবং বিপিএলের কিছু ম্যাচ হয়েছে।
ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক সব ধরনের খেলার পর মাঠটির অবস্থা করুণ হওয়ারই কথা। কিন্তু আসন্ন অনুশীলন ম্যাচ সামনে রেখে সবুজ ঘাসে ঢেকে গেছে মাঠ। উইকেটও তৈরি করা হয়েছে। মাঠে পানি দেওয়ার জন্য চালু করা হয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ম্যাচের আগে এই মাঠে নিউজিল্যান্ড অনুশীলনও করবে। অনুশীলন ম্যাচের মাধ্যমে নতুন করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখছেন কর্মকর্তারা।
‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। দীর্ঘদিন এখানে ক্রিকেট হয়নি। এবার নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলবে। এই মাঠে দর্শকও ভালো হয়। আশা করি, ভবিষ্যতে আবার এখানে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হবে।’ সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের চোখ সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপের দিকে। ওই আয়োজনের দুই একটি ম্যাচ আগে থেকেই আশা করছিল সিজেকেএস।
প্রসঙ্গত, পুরোনো এই স্টেডিয়ামটিতে শেষ টেস্ট ম্যাচ হয়েছিল ২০০৫ সালের ৬ জানুয়ারি। ওই ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। একই মাসের ২৬ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়। এটি ছিল এই মাঠের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই নিউজিল্যান্ড সফর নিয়ে খুশি হওয়াটাই স্বাভাবিক।
নিউজিল্যান্ডের সফর নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে সমন্বয় সভা। সব প্রস্তুতি সম্পন্ন বলে দাবি করছেন কর্মকর্তারা। নিউজিল্যান্ড সফরের সময় জমজমাট গরুর বাজার থাকবে চারদিকে। তাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রবেশমুখে গরুর বাজার নিয়ে চিন্তা থাকছেই। কিন্তু এটা সমস্যা হবে না বলে দাবি করছেন ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান।
তিনি বলেন, ‘এ নিয়ে বৈঠক হয়ে গেছে। রাস্তায় কোনো গরু থাকবে না। পুলিশের সঙ্গে আমাদের বৈঠক শেষ। বিষয়টি আলোচনা হয়েছে।’ টেস্টের আগে বাংলাদেশ দল অনুশীলন করবে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রথম টেস্ট খেলে দুই দল ঢাকায় যাবে। ২১ অক্টোবর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরপর একই স্টেডিয়ামে ২৯ ও ৩১ অক্টোবর হবে দুটি একদিনের ম্যাচ। তৃতীয় ম্যাচও হবে ঢাকায়, ফতুল্লায় ৩ নভেম্বর।শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে ৬ নভেম্বর।