আট বছর পর চকরিয়া উপজেলা যুবলীগের সম্মেলন
আট বছর পর চকরিয়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বুধবার কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে শহিদুল ইসলাম সভাপতি ও কাউছার উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন গাজী। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথির ছিলেন কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সহসভাপতি শহীদুল্লাহ চৌধুরী, সোহেল আহমদ, জিএম আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মো. শহিদুল্লাহ ও আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ।
এরপর বিকেল চারটায় অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে ৩৩১ জন কাউন্সিলরের মধ্যে ৩০৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে চকরিয়া উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় কাউন্সিলরদের ভোটে আব্বাছ উদ্দিন সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।