আট বছর পর নিষ্পত্তি হলো ভূমি বিরোধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর পর সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হলো আলীকদমের চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি নিয়ে বিরোধের। বিদ্যালয়ে একটি চুরির ঘটনা মীমাংসা করতে বসে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রতিপক্ষ ব্যক্তির মধ্যে ভূমি বিরোধ নিয়ে আলোচনায় এ সমঝোতা হয় বলে জানা গেছে। ওই চুরির ঘটনায় ভূমি দখলদারের ছেলে জড়িত বলে সন্দেহ করা হয়।বিদ্যালয় সূত্র জানায়, ২০০৪ সালে স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের সঙ্গে বিদ্যালয়ের ২৫ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। চারটি দোকানঘর তৈরি করে বিরোধীয় জমি নিজ দখলে রাখেন আবুল হোসেন। এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে একটি মামলাও দায়ের করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুমায়রা বেগম বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত দুবার মামলার রায় পেয়েছে। বিজ্ঞ আদালত উচ্ছেদ নোটিশও দেয়। কিন্তু আবুল হোসেন নিজ উদ্যোগে দোকানঘর ভাঙার সময় নিয়ে পরে আদালতে আপিল করেন। ফলে দীর্ঘ আট বছর ধরে চলছিল মামলার কার্যক্রম।’ জানা যায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিদ্যালয়ের একটি বৈদ্যুতিক পাখা চুরি হয়। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। পরে পাখাটি আবুল হোসেনের ছেলে আবদুস ছালাম চুরি করেছে বলে প্রমাণিত হয় এবং এটি ফেরত দেওয়া হয়। গত ২৫ সেপ্টেম্বর রাতে বিদ্যালয়ে আর একটি চুরির ঘটনায় আবুল হোসেনের সঙ্গে বিরোধীয় ভূমির নথির ফাইল খোয়া যায়। এ ব্যাপারে মীমাংসা করতে গত ৩০ সেপ্টেম্বর বিদ্যালয়ের একটি কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বৈঠক বসে। এতে আবুল হোসেনও উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, আবারও চুরির ঘটনায় আবুল হোসেন বা তাঁর ছেলের জড়িত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হলে আবুল হোসেন সমঝোতার প্রস্তাব দেন। সমঝোতা অনুযায়ী আবুল হোসেন আগামী এক মাসের মধ্যে বিরোধীয় জমির দোকানপাট তুলে নেওয়া এবং বিদ্যালয়ের অনুকূলে জমির দখল ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন। এ ব্যাপারে আদালতে হলফনামা দেবেন বলেও কথা দেন তিনি। বিষয়টি স্বীকার করে আবুল হোসেন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভূমি বিরোধ বিষয়ে আমার সমঝোতা হয়েছে। আমি ওই জমির দাবি ছেড়ে দেব।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান বলেন, ‘আমরা উভয়পক্ষ সমঝোতায় পৌঁছেছি। এখন এটি বাস্তবায়নের পালা।’