আট বছর পর ফেনী যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি
দীর্ঘ আট বছর পর পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে ফেনী জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটি ঘোষণা করেন। সর্বশেষ ২০০৪ সালের মার্চে ফেনী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।সংগঠন সূত্রে জানা যায়, নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির কর্মকর্তারা আশা করছেন, বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করে আগামী ছয় মাসের মধ্যে তাঁরা জেলা সম্মেলন করতে পারবেন। সূত্র জানায়, গত রোববার কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মির্জা আজম ফেনী জেলা যুবলীগের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবিরকে আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুশেন চন্দ্র শীল, ফেনী পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈন উদ্দিন আহমদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সদস্য করা হয়েছে ৩৭ জনকে।নতুন আহ্বায়ক কমিটির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে যুবলীগের একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, সদ্য সাবেক আহ্বায়ক কমিটি ৯০ দিনের স্থলে আট বছর বহাল ছিল। কিন্তু বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠন গোছানো বা শক্তিশালী করার ব্যাপারে তারা কোনো কাজ করেনি। বিভিন্ন উপজেলা আহ্বায়ক কমিটির বয়সও আট থেকে ১০ বছর হয়ে গেছে। কিছু নেতা পদগুলো ধরে রেখে নানাভাবে সুবিধা ভোগ করেছেন।সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আদেল বলেন, ‘বিগত আহ্বায়ক কমিটির ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেছি কাজ করার জন্য। এমনকি ৪১ জনের আহ্বায়ক কমিটির ৩৭ জন সদস্য অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠিয়েও ওই কমিটিকে সচল করতে পারেননি। কমিটিকে সচল করতে কেন্দ্র থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন কমিটি কীভাবে, কতটুকু এগোতে পারে তা আগামী দিনে দেখা যাবে।’নতুন মনোনীত যুগ্ম আহ্বায়ক শুশেন চন্দ্র শীল বলেন, ‘আমরা জেলা সম্মেলন করার আগে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা উপজেলাসহ সংগঠনের সর্বস্তরের কমিটি ঢেলে সাজানোর চেষ্টা করব।’ আহ্বায়ক দিদারুল কবির বলেন, ‘আমরা আগামী সপ্তাহ থেকে সাংগঠনিক তৎপরতা শুরু করব। আশা করি জেলার সব ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার ওয়ার্ড সম্মেলন শেষ করে ছয় মাসের মধ্যে জেলা সম্মেলন উপহার দিতে পারব।’