আট বছর পর বাক্সমুক্ত এক্স-রে যন্ত্র, তার পরও চালু হচ্ছে না!
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পার্বত্য জেলা পরিষদ থেকে এক্স-রে যন্ত্র দেওয়া হয় ২০০৪ সালে। কিন্তু পর্যাপ্ত কক্ষ না থাকায় দীর্ঘ আট বছর এক্স-রে যন্ত্রটি বাক্সবন্দী থাকে। কক্ষ নির্মাণের পর অবশেষে যন্ত্রটি বাক্সমুক্ত করে স্থাপন করা হয়েছে গত মাসে। তবে উপজেলাবাসী এখনো এক্স-রে যন্ত্রে পরীক্ষার সুবিধা পাচ্ছে না। কারণ, দীর্ঘদিন পরে থাকার কারণে এক্স-রে যন্ত্রের ডিজিটাল মনিটরিং বোর্ডটিও নষ্ট হয়ে গেছে। হাসপাতাল সূত্র জানায়, ২০১০ সালে এক্স-রে কক্ষ নির্মাণ করা হলেও নানা কারিগরি সমস্যার কারণে যন্ত্রটি স্থাপন করা হয়নি। গত ১৮ জুন ট্রান্সমেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এক্স-রে যন্ত্রটি স্থাপন করা হয়। কিন্তু লো-ভোল্টেজ ও ডিজিটাল মনিটরিং বোর্ড নষ্ট হওয়ার কারণে এটি এখনো চালু করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া এক্স-রে যন্ত্র চালানোর জন্য একজন রেডিওগ্রাফার টেকনিশিয়ান পদায়ন করা হলেও গত তিন মাস আগে তিনিও বদলি হয়ে গেছেন।ট্রান্সমেড লিমিটেডের প্রকৌশলী মো. সোলেমান জানান, এক্স-রে যন্ত্রটি চালু করতে হলে কমপক্ষে ২৪০ থেকে ৩০০ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে, তবে লো-ভোল্টেজে এক্স-রে যন্ত্রটি চালু করতে হলে একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্ট্যাবিলাইজার (ভোল্টেজ ভারসাম্যের যন্ত্র) প্রয়োজন হবে। তা না হলে এটি চালু করা সম্ভব হবে না। এ ছাড়া দীর্ঘদিন যন্ত্রটি পড়ে থাকায় ডিজিটাল মনিটরিং বোর্ডটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন এটি নতুন কিনতে হবে।দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র সূত্র জানায়, দীঘিনালায় বিদ্যুতের ভোল্ট সর্বোচ্চ ২২০। তবে প্রায় সময় থাকে ১৬০ থেকে ১৭০ ভোল্ট।উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা বলেন, এক্স-রে যন্ত্রটি চালু হলে শুধু দীঘিনালা উপজেলাবাসী নয়, পাশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার একটি অংশের বাসিন্দারা চিকিৎসা সুবিধা পেত। দ্রুত সব কারিগরি সমস্যার সমাধান করে এক্স-রে যন্ত্রটি চালু করা প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পলাশ নাগ বলেন, ‘ভোল্টেজ ও কারিগরি সমস্যা সমাধান এবং টেকনিশিয়ান পদায়ন ছাড়া এক্স-রে যন্ত্রটি চালু করা সম্ভব নয়। ইতিমধ্যে এক্স-রে যন্ত্র স্থাপন করার পর প্রকৌশলী কারিগরি ত্রুটিসহ নানা বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছেন।’