আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের অস্ত্রোপচারকক্ষ স্থাপন করা হয় আট বছর আগে। কিন্তু এখানো কোনো অস্ত্রোপচারই হয়নি। কারণ, সার্জারি চিকিৎসক ও অবেদনবিদ নেই। এখন অস্ত্রোপচারের প্রয়োজন হলে পাঠিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতাল সূত্র জানায়, আনোয়ারা উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্যকেন্দ্রটি ২০০৬ সালের ১৬ মার্চ ৫০ শয্যায় উন্নীত করা হয়। তখন হাসপাতালে স্থাপন করা হয় অস্ত্রোপচারকক্ষ। দেওয়া হয় আধুনিক সব যন্ত্রপাতি। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে কখনোই সার্জারি চিকিৎসক ও অবেদনবিদ নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে চিকিৎসক না থাকায় রোগীদের কোনো কাজে আসেনি এটি।
সরেজমিনে দেখা গেছে, ব্যবহার না থাকায় অস্ত্রোপচারকক্ষের অবেদন যন্ত্রটি নষ্ট হয়ে গেছে। অচল হয়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটিও।
তা ছাড়া নবজাতককে রাখার ইনকিউবেটরের ব্যবহার নেই। এটিও নষ্ট হওয়ার পথে।
উপজেলার রায়পুরের বাসিন্দা নুরুল আবছার বলেন, ‘আমরা শুনেছি এ হাসপাতালে উন্নত মানের অপারেশন থিয়েটার আছে। তবে কোনো দিন খুলতে দেখা যায়নি।’
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা জামাল বলেন, এভাবে পড়ে থাকলে অস্ত্রোপচারকক্ষের যন্ত্রপাতিগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এত টাকা খরচ করে অস্ত্রোপচারকক্ষ স্থাপন করা হয়েছে, অথচ চিকিৎসকের অভাবে রোগীরা সেবাবঞ্চিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘সিভিল সার্জন কার্যালয়ের মাসিক বৈঠকে বিষয়টি বাববার উত্থাপন করা হলেও কোনো কাজ হয়নি। তার পরও সমস্যা সমাধানের চেষ্টা চলাচ্ছি।’