আট বছরেও চালু হয়নি এক্স-রে যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্স-রে যন্ত্র বরাদ্দ পাওয়ার পর প্রথম চার বছর ছিল বাক্সবন্দী। কারণ, বসানোর কক্ষ ছিল না। চার বছর পর কক্ষ পাওয়া গেল কিন্তু এবার নতুন সমস্যা, বিদ্যুতের লো-ভোল্টেজ। ফলে বরাদ্দ পাওয়ার আট বছর পরও চালু হলো না রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি। ফলে প্রত্যন্ত এই উপজেলার গরিব রোগীরা সেবা পাচ্ছেন না। জরুরি প্রয়োজনে এক্স-রে করাতে যেতে হচ্ছে উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে খাগড়াছড়ি শহরে।
স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগ থেকে ২০০৬ সালে ৩০০ এম এম ক্ষমতাসম্পন্ন এক্স-রে যন্ত্রটি বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হয়। কিন্তু নানা চেষ্টা সত্ত্বেও এটি চালু করা যায়নি। সর্বশেষ ২০১২ সালের জুন মাসে এক্স-রে যন্ত্রটি চালু করার জন্য ১০০ কেভির একটি ট্রান্সফরমার বসানো হয়।
কিন্তু এক দিন চালু থাকার পর ট্রান্সফরমারটিও বিকল হয়ে যায়। এরপর নতুন ট্রান্সফরমার বসানো কিংবা এক্স-রে যন্ত্রটি চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সাজেক ইউনিয়নের লংকর গ্রামের বাসিন্দা শান্তিময় চাকমা বলেন, ‘গত ১২ মে পড়ে গিয়ে আমার ছেলের হাত ভেঙে যায়। এক দিন হেঁটে উপজেলা সদরের হাসপাতালে আসি। সেখানে এসে জানতে পারি এক্স-রে করানো যায় না। শেষে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ৫০ কিলোমিটার দূরে খাগড়াছড়ি গিয়ে এক্স-রে করাতে হয়েছে।’
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের একটি কক্ষে এক্স-রে যন্ত্রটি পড়ে আছে। দীর্ঘদিন ধরে চালু না হওয়ায় নানা সরঞ্জামে জং ধরেছে। তা ছাড়া ওই কক্ষে স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য মালামালও রাখা হয়েছে। দেখে মনে হবে পরিত্যক্ত জিনিসপত্র রাখার কক্ষ এটি।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন বলেন, ‘এক্স-রে যন্ত্রটি দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে। আমার মনে এখন এটি আর চালু যাবে না। আমরা অনেক চেষ্টা করেও লো-ভোল্টেজের কারণে চালু করতে পারিনি।’
এ প্রসঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাঘাইছড়ি কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, ‘বর্তমান ভোল্টেজে ৩০০ এম এম ক্ষমতাসম্পন্ন এক্স-রে যন্ত্র চালু করা সম্ভব নয়।
এ জন্য আলাদা একটি ট্রান্সফরমার লাগবে। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলে দেখব কীভাবে একটি ট্রান্সফরমার সরবরাহ করা যায়।’