আট বছরেও চালু হয়নি রুমা-সাঙ্গু কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক-সংকটে বন্ধ হয়ে যাওয়ার আট বছর পরও বান্দরবানের রুমা উপজেলার রুমা-সাঙ্গু কলেজটি চালু হয়নি। জেলায় প্রতিবছর দেড় শ কোটি টাকার বেশি উন্নয়নের কথা বলা হলেও তিন উপজেলার একমাত্র কলেজটি আর্থিক-সংকটের অজুহাতে চালু না হওয়ায় এলাকাবাসী হতাশ। সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রুমা, রোয়াংছড়ি ও থানচি-উপজেলায় কোনো উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এলাকার অনগ্রসর মানুষের প্রাণের দাবি ছিল এখানে একটি কলেজ প্রতিষ্ঠার। ১৯৯৪ সালে রুমা সেনানিবাসের এক নম্বর ঘাট এলাকায় রুমা-সাঙ্গু কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ২০০০ সালে কলেজটি চালু হওয়ার পর ২০০৩ সালে ২৬ জন ও ২০০৪ সালে ৩৪ ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। কিন্তু দক্ষ পরিচালনা কমিটির অভাব এবং আর্থিক-সংকটে ২০০৫ সালে কলেজটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বেতন-ভাতা না পাওয়ায় হতাশ হয়ে শিক্ষক-কর্মচারীরাও কলেজ ছেড়ে চলে যান। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কলেজ ভবনে ২০০৯ সালে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে ভবনের ছাদ সম্পূর্ণ পুড়ে যায়। এরপর ভবনটি সংস্কারের উদ্যোগও নেওয়া হয়নি। গত ১০ জানুয়ারি সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় জানানো হয়, গত তিন বছরে জেলায় ৫১৬ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১৩৫ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকা, এলজিইডি (স্থানীয় সরকার অধিদপ্তর) ১০০ কোটি ২৭ লাখ ১২ হাজার টাকা, জেলা পরিষদ ৬২ কোটি ৭৫ লাখ ২৫ হাজার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ১৩ কোটি টাকার উন্নয়নকাজ করেছে। কিন্তু এর মধ্যে কলেজটি চালু করার জন্য কোনো রকমের বরাদ্দ দেওয়া হয়নি। আগামী শিক্ষাবর্ষেও কলেজটি চালু হওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রিয়ালদো বম জানান, সরকারের পক্ষ থেকে বান্দরবান জেলায় অনেক উন্নয়নকাজ হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু শিক্ষা ছাড়া যেকোনো উন্নয়ন স্থায়ী হয় না তা মাথায় রাখা হয়নি। তিনটি উপজেলার দরিদ্র মানুষের ছেলে-মেয়েদের শিক্ষার উন্নয়নের স্বার্থে নমুনা হিসেবে এ কলেজটি চালু হতে পারত বলে তিনি মন্তব্য করেন। রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা জানান, কলেজটি চালু করার জন্য পর্যাপ্ত টাকা উপজেলা পরিষদের কাছে নেই। তবে সম্প্রতি এক সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ জানান, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নপ্রকল্প গ্রহণের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এজন্য দ্বিতীয় পর্যায়ে মে-জুনের আগে কলেজটি সংস্কারের দরপত্র আহ্বান করা সম্ভব নয়।রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা বলেন, অবকাঠামো সংস্কার হয়ে গেলে কলেজটি যেকোনো সময় চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যথাসম্ভব দ্রুত কলেজটি সংস্কার করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।