আট বছর ধরে রেলওয়ের কাছ থেকে ভাড়া নেওয়া ১৪টি কক্ষে পর্যটকদের থাকার ব্যবস্থা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। মোটেল সৈকত প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বিকল্প এই ব্যবস্থা। কিন্তু চট্টগ্রামের বিপুলসংখ্যক পর্যটকের চাহিদা মেটাতে এ ব্যবস্থা মোটেও পর্যাপ্ত নয় বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে করপোরশনকেও বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ ব্যাপারে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান বলেন, ‘আমরা একে আপাতত আমাদের অস্থায়ী কার্যালয় ও বিশ্রামাগার হিসেবে রেখেছি। প্রকল্পের কাজ শেষ হলে মোটেলের সব সুবিধা দিতে পারব।’পর্যটন করপোরেশন সূত্রে জানা যায়, ২০০৪ সালে নগরের স্টেশন রোডের মোটেল সৈকত কমপ্লেক্সের পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়। ওই বছরের ১৯ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া্রমোটেল সৈকত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর দীর্ঘ ছয় বছর প্রকল্পের কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি। অবশেষে ২০১০ সালের শেষ দিকে প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। গত বছরের ৮ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। মোটেল সৈকতের পুরোনো ভবন ভেঙে ফেলার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভেতরে দোতলায় ১৪টি কক্ষ ভাড়া নিয়ে চলছে এর কার্যক্রম। জানা যায়, তিন তলাবিশিষ্ট পুরোনো ভবনে পর্যটকদের জন্য ২৮টি কক্ষ ছিল। এ ছাড়া এখানে আলাদা রেস্তোরাঁ, বাগান, তথ্যকেন্দ্র, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান প্রভৃতি এলাকার পর্যটকদের রিজার্ভেশনকেন্দ্র হিসেবেও এটি ব্যবহূত হতো। আর্থিক ক্ষতি: রেলওয়ে স্টেশনের ১৪টি কক্ষের ভাড়াবাবদ প্রতি মাসে রেলওয়ে কর্তৃপক্ষকে দুই লাখ টাকা করে দিতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক করপোরেশনের এক কর্মকর্তা স্বীকার করেন, ‘এখানে এক অর্থে আমাদের কোনো লাভই হচ্ছে না। কারণ, ‘পুরোনো ভবনটি ছিল আমাদের নিজস্ব। সেখানে প্রতি মাসে আমরা সাত থেকে আট লাখ টাকা আয় করতে পারতাম। কিন্তু এখানে তা ৪০ থেকে ৫০ হাজার টাকার বেশি হবে না।’ রেলওয়ে স্টেশনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের প্রতিটির ভাড়া এক হাজার ৭০০ টাকা এবং অন্য ১২টি কক্ষের প্রতিটির ভাড়া এক হাজার ২০০ টাকা করে রাখা হচ্ছে। সুযোগ-সুবিধার তুলনায় ভাড়া খুব বেশি বলে মনে করেন পর্যটকেরা। রাজীব আহমেদ নামের এক পর্যটক অভিযোগ করেন, ‘এখানে নন-এসি রুমের ভাড়া এক হাজার ২০০। অথচ অন্যখানে ভাড়া এর অর্ধেক। তা ছাড়া কোনো রেস্তোরাঁর ব্যবস্থাও নেই।’ এ প্রসঙ্গে ব্যবস্থাপক সাইফুর রহমান বলেন, ‘আমাদের ভর্তুকি ছাড়া মোটেল চালাতে হচ্ছে বলে তা একটু বেশি হচ্ছে।’প্রকল্পের সুবিধা: প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে মোটেল সৈকত প্রকল্পের মেয়াদ ১৮ মাস। কাজ শুরু হয়েছে গত ২৩ ডিসেম্বর। প্রায় এক একর জায়গার ওপর গড়ে উঠছে এটি। এর ফাউন্ডেশন ১০ তলা হলেও বর্তমানে পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হব। এতে থাকবে ৬৮টি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ, ২০০ আসনের একটি রেস্তোরাঁ, একটি বার, ২০০ আসনের একটি সম্মেলন কক্ষ (কনফারেন্স হল), পর্যটন করপোরেশনের কার্যালয়, ট্যুরিস্ট ইনফরমেশন বুথ, হোটেল বুকিং-ব্যবস্থা, পার্কিং স্পেস ইত্যাদি। প্রকল্পের বর্তমান অবস্থা: সরেজমিনে স্টেশন রোডে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, টিনের সীমানাপ্রাচীরের ভেতরে কয়েকজন লোক মাটি খোঁড়ার কাজ করছেন। এর এক পাশেই রয়েছে অস্থায়ীভাবে গড়ে তোলা একতলাবিশিষ্ট একটি বার। করপোরেশন সূত্রে জানা গেছে, পাঁচ বছরের জন্য এটি ব্যক্তিমালিকানায় লিজ দেওয়া হয়। ইতিমধ্যে তিন বছর শেষ হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে লিজ বাতিল করে বারটি মূল ভবনের সঙ্গে যুক্ত করা হবে। পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের বক্তব্য: প্রকল্পের অগ্রগতি ও দীর্ঘসূত্রতার কারণ সম্পর্কে জানতে চাইলে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘সরকারি কাজের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে এগোতে হয়, সে জন্য সময় লেগেছে। তবে কিছুদিন আগে আমরা প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে। আর তাহলেই পর্যটকদের ভোগান্তি কমে যাবে।’