আট বছরেও পুনর্নির্মাণ হয়নি মরিয়মনগর বেড়িবাঁধ
রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা এলাকায় কর্ণফুলী নদীতে বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধ গত আট বছরেও পুনর্নির্মাণ করা হয়নি। ভাঙন অব্যাহত থাকায় নদীতে হারিয়ে যাচ্ছে মরিয়মনগর ও কদমতলী ইউনিয়নের ঘরবাড়ি-ফসলি জমি। আসন্ন বর্ষা মৌসুমে দুই ইউনিয়নের ১৩ গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। সূত্র জানায়, কর্ণফুলী নদীর ভাঙন থেকে মরিয়মনগর ও কদমতলী ইউনিয়ন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ১৯৮৭-৮৮ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা এলাকায় ৭৫০ মিটার দীর্ঘ বেড়িবাঁধটি নির্মাণ করে। এতে কর্ণফুলীর ভাঙন থেকে রক্ষা পায় দুই ইউনিয়ন। এ ছাড়া বেড়িবাঁধ নির্মাণের আগে কর্ণফুলী নদীতে বিলীন হয়ে যাওয়া দুই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় চর জেগে ওঠে। যেখানে পানের বরজ, শাকসবজি ও ধান চাষ করে জীবিকা নির্বাহ করেন গ্রামবাসী। কিন্তু সংরক্ষণের অভাবে বেড়িবাঁধটি নির্মাণের কয়েক বছর পর কর্ণফুলী নদীর পানির তোড়ে ভাঙতে থাকে। পুনরায় বিলীন হতে থাকে দুই ইউনিয়নের নদীতীরবর্তী গ্রামগুলো। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন জানান, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধটি ক্ষতবিক্ষত হয়। সংস্কার না হওয়ায় পরে বাঁধটি ভেঙে বিলীন হতে থাকে। ২০০৩ সালে সৃষ্ট একাধিক বন্যা ও জলোচ্ছ্বাসে বাঁধের ৩৫০ মিটার কর্ণফুলী নদীতে তলিয়ে চলে যায়। ওই সময় বাঁধটি মেরামতের জন্য দুই ইউনিয়নের মানুষ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন বরাবরে একাধিকবার আবেদন করেও কোনো ফল পায়নি।কামাল হোসেন আরও জানান, ২০০৪ সালে ভয়াবহ বন্যায় কাপ্তাই বাঁধের উজান থেকে ছেড়ে দেওয়া পানির তোড়ে বেড়িবাঁধটির আরও ৩০০ মিটার কর্ণফুলী নদীতে বিলীন হয়ে যায়। এর পর থেকে মরিয়মনগর ও কদমতলী ইউনিয়নের অনেক ঘরবাড়ি নদীগর্ভে হারিয়ে যায়। পানির তোড়ে নষ্ট হয় প্রায় ৩০০ একর জমির পানের বরজ ও অন্যান্য ফসলি জমি। এখনো ভাঙন অব্যাহত রয়েছে। সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতীসহ মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়াপাড়া, মাইজপাড়া, বালুগোট্টা, মরমপাড়া, পাঁচবাড়ি, ফুলগাজীপাড়া, কাটাখালী ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের কদমতলী, আধুরপাড়া, কালুগোট্টা, সুফিগোট্টা, চৌধুরীগোট্টা ও আদর্শ গ্রামের প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি কর্ণফুলীর ভাঙনের মুখে রয়েছে। চন্দ্রঘোনা কদমতলী গ্রামের আবু বক্কর বলেন, ‘কর্ণফুলী নদীর ভাঙনের কাছে গ্রামের মানুষ খুবই অসহায়। মরিয়মনগর বালুগোট্টা এলাকায় বাঁধটি পুনরায় মেরামত করা না হলে কর্ণফুলীর ভাঙনে মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ১৩ গ্রাম ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে। এ ছাড়া চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়, মরিয়মনগর বালিকা উচ্চবিদ্যালয়, মরমপাড়া কমিউনিটি ক্লিনিক, ইছামতী কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি মাদ্রাসা ও মন্দির কর্ণফুলীর ভাঙনের মুখে রয়েছে। যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা গ্রামে ৭৫০ মিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ ছিল না। ফলে ক্রমান্বয়ে বাঁধটি ভেঙে বিলীন হয়ে যায়।’ আট বছর ধরে বাঁধটি পুনর্নির্মাণের জন্য পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ মেলেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘২০০৪ সালে ভয়াবহ বন্যায় বেড়িবাঁধটি বিধ্বস্ত হওয়ার পর উপজেলা প্রকল্প কর্মকর্তা বাঁধটি পুনর্নির্মাণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক ও পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।’