আট বছরেও হলো না বেড়িবাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলীন হওয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণে স্থানীয় লোকজন বারবার ধরনা দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় মাসিক সমন্বয় সভায় উত্থাপন করেছেন বিষয়টি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আট বছর ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলার দুর্গম দ্বীপ মাতারবাড়ির এক কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মিত হয়নি। বেড়িবাঁধ না থাকায় ঝুঁকিতে রয়েছে দুই শতাধিক পরিবার, একটি দাখিল মাদ্রাসা ও বাজার।
পাউবো কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, আট বছর আগে সাগরের উত্তাল ঢেউ ও দুর্যোগের কবলে পড়ে মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার প্রায় দেড় কিলোমিটার সাগরে বিলীন হয়ে যায়। এর মধ্যে ২০১১-১২ অর্থবছরে তিন কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ৪১৪ মিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হলেও বাকি এক কিলোমিটার এখনো অরক্ষিত।
স্থানীয় লোকজন জানান, পাউবো আট বছরেও বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নিতে পারেনি। এ কারণে সামনের বর্ষার মৌসুমে অন্তত ২০০ ঘরবাড়ি সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ি রাজঘাট এলাকার ভাঙা বেড়িবাঁধের পাশে বসবাস দুই শতাধিক পরিবারের। লোকজনের চোখে–মুখে আতঙ্কের ছাপ। বাসিন্দাদের মধ্যে রয়েছে ক্ষোভও। তাঁরা জানান, পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের পানিতে ভাসে তাঁদের ঘরবাড়ি। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে রাজঘাট রশিদিয়া দাখিল মাদ্রাসা ও রাজঘাট বাজারও সাগরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজঘাট এলাকার বাসিন্দা লেদু মিয়া জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এই দ্বীপের প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এখনো ঘূর্ণিঝড় হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, দ্বীপটি রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে চারদিকে সিসি ব্লক দিয়ে স্থায়ী বঁাধ নির্মাণ করা প্রয়োজন। তা না হলে লবণ, চিংড়ি ও মৎস্যসম্পদে ভরপুর দ্বীপটি সাগরে বিলীন হয়ে যাবে।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, বেড়িবাঁধ পুনর্নির্মাণের ব্যাপারে উপজেলার মাসিক সমন্বয় সভায় অনেকবার উত্থাপন করেও কোনো কাজ হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, জরুরি ভিত্তিতে এক কিলোমিটার পুনর্নির্মাণ না করলে ভবিষ্যতে রাজঘাট এলাকাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে। বাঁধ সংস্কারের জন্য কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সফিকুল হক বলেন, এক কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি।