আনোয়ারায় আটটি বধ্যভূমি চিহ্নিত করে তার তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে। বধ্যভূমির অবস্থান চিহ্নিতকরণ, শহীদ ব্যক্তিবর্গের তালিকা ও মুক্তিযুদ্ধের সময়ে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও হাটবাজারের ঠিকানাসহ তালিকা তৈরিতে গঠিত কমিটি এ কাজ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, আনোয়ারার বিভিন্ন স্থানের আটটি বধ্যভূমির তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। এগুলো হলো বন্দর বধ্যভূমি, সুরমা পুকুরপাড় বধ্যভূমি, পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয় ও সংলগ্ন বধ্যভূমি, জয়কালী বাজার ভরাদীঘিরপাড় বধ্যভূমি, পূর্ব বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় বধ্যভূমি, খিলপাড়া আইচবাড়ী বধ্যভূমি, দক্ষিণ বন্দর ও পূর্ব বারখাইন নতুন ফকিরহাট বধ্যভূমি। বধ্যভূমির অবস্থান চিহ্নিতকরণ, শহীদ ব্যক্তিবর্গের তালিকা ও মুক্তিযুদ্ধের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও হাটবাজারের ঠিকানাসহ তালিকা তৈরির জন্য গঠিত কমিটি বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে এ তালিকা পাঠায়। তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলার বন্দর গ্রামে দশমিক ৫০ একর জায়গায় অবস্থিত বধ্যভূমিতে ১৯৭১ সালের ২০ মে ভোর রাত চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত ১৫৬ জন বিভিন্ন ধর্মামলম্বী ও বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষকে আমানবিক নির্যাতনের পরে দাঁড় করিয়ে হত্যা করে একেকটি গর্তে ১০-১৫টি লাশ চাপা দেয়। এ কাজে পাক বাহিনীকে সহায়তা করে স্থানীয় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী। তা ছাড়া, বারশতের সুরমা পুকুরপাড়ে দশমিক ৯০ একর জায়গায় অবস্থিত বধ্যভূমিতে ১৯৭১ সালের ৭ জুলাই সকালে ২৫ জনকে হত্যা করা হয় একইভাবে।এদিকে, উপজেলার হিন্দু অধ্যুষিত পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয় পুকুরপাড়, বাথুয়াপাড়া ও পূর্বকন্যারা এলাকায় দশমিক ৪০ একর জায়গায় অন্য একটি বধ্যভূমিতে ১৯৭১ সালের ২১ মে দুপুর দুটায় ১৭৬ জনকে একই কায়দায় হত্যা করা হয়। তা ছাড়া, উপজেলা সদরের জয়কালী বাজার এলাকার ভরাদীঘির দক্ষিণপাড়ে একই বছরের ৪ অক্টোবর দুপুর ১২টায় সাতজনকে হত্যা করা হয়। হিন্দু এলাকা বলে পরিচিত এ এলাকার পরিমাণ দশমিক ০৪ একর। এগুলো বাদেও পূর্ব বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দশমিক ১০ একর জায়গায় সাতজন, খিলপাড়া আইচবাড়ীর সামনে সাতজন, দক্ষিণ বন্দর গ্রামে ৩৪ জনকে হত্যা করে গণকবর দেয় পাক বাহিনী। তবে, পূর্ব বারখাইন নতুন ফকিরহাটের বধ্যভূমিটি বর্তমানে শঙ্খের গর্ভে বিলীন হয়ে গেছে। এটিতে ২৬ জনকে হত্যা করা হয়।আরও জানা গেছে, এসব বধ্যভূমির কোনো কোনোটি এখনো বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ও বিদ্যালয়ের দখলে। কোনো কোনোটি সরকারি খাসজায়গায়ও অবস্থিত। কমিটি যেগুলো দখলে নেই সেসব বধ্যভূমির জায়গা হুকুমদখল করে স্মৃতিসৌধ নির্মাণের সুপারিশ করেছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গোপসাগরের নিকটবর্তী উপকূলীয় এলাকা হওয়ায় আনোয়ারায় পাকবাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। আর তাতে সহযোগিতা করে আনোয়ারার বিভিন্ন স্থানের রাজাকার-আলবদর বাহিনী। এদিকে, আনোয়ারার সবচে বেশি আলোচিত বন্দর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ১৮ নভেম্বর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী। বধ্যভূমিটি সরকারি খাসজায়গায় হলেও এটি দখলে নিতে গিয়ে আনোয়ারার মুক্তিযোদ্ধারা হামলার শিকার হন। ২০০৯ সালের ২৮ মার্চ সকালে বধ্যভূমিতে স্মৃতিসৌধের জায়গা নিয়ে মুক্তিযোদ্ধাদের ওপর সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ অন্তত ৫০ জন আহত হন। এ নিয়ে কর্ণফুলী থানায় মামলা-পাল্টা মামলার ঘটনাও ঘটে। পরে আনোয়ারার সংসদ সদস্য আখতারুজ্জমান চৌধুরীর হস্তক্ষেপে এ বধ্যভূমিতে দখলে যেতে সক্ষম হন মুক্তিযোদ্ধারা। মুুক্তিযোদ্ধাদের দাবি অন্যান্য বধ্যভূমিও দ্রুত দখলে এনে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। বন্দর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ সম্পর্কে আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম জানান, ‘বধ্যভূমির ৫০ শতক জায়গায় ১৫৬ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষার্থে আকর্ষণীয় কমপ্লেক্স ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। তা ছাড়া কমিটির সিদ্ধান্ত নিয়ে কমপ্লেক্সের নকশায় আরও পরিবর্তন আসতে পারে। আপাতত বধ্যভূমিতে মাটি কাটা ও খননের কাজ শুরু হলো।’ বধ্যভূমির অবস্থান চিহ্নিতকরণ, শহীদ ব্যক্তিবর্গের তালিকা ও মুক্তিযুদ্ধকালীন অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও হাটবাজারের ঠািকানাসহ তালিকা তৈরির জন্য গঠিত কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বলেন, ‘বধ্যভূমির তালিকা হওয়া ও এতে স্মৃতিসৌধ নির্মাণ আমাদের জন্য গৌরবের। শহীদদের আত্মত্যাগ আজ সার্থকতা পাচ্ছে।’কমিটির অপর সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী বলেন, মুক্তিযুদ্ধকালীন পাক বাহিনীর হত্যাযজ্ঞের সাক্ষী বধ্যভূমির ব্যাপারে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করছি বধ্যভূমির একটি নির্ভুল তালিকা করতে, তবে প্রয়োজনে এতে আগামীদিনে আরও পরিবর্তন আসতে পারে।’ বন্দর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযোদ্ধারাই এটি নির্মাণে হাত দিয়েছেন।